নববর্ষে রাশিয়ার সাথে ‘অপরাজেয় জোট’ উল্লেখ করলেন কিম
Printed Edition
এএফপি ও গার্ডিয়ান
নববর্ষ উপলক্ষে দেয়া বার্তায় বিদেশের মাটিতে লড়াইরত সেনাদের প্রশংসা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেন, রাশিয়ার সাথে তাদের সহযোগিতা গড়ে তুলেছে এক ‘অপরাজেয় জোট’। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। কিমের বার্তায় রাশিয়ার সাথে সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইউক্রেনে রাশিয়ার প্রায় চার বছর ধরে চলা আগ্রাসনে সহায়তা দিতে পিয়ংইয়ং হাজার হাজার সেনা পাঠিয়েছে। কিমের এই বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা বৈশ্বিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করছে। দক্ষিণ কোরিয়ার হিসাবে, এ পর্যন্ত অন্তত ৬০০ উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েক হাজার। বিশ্লেষকদের মতে, এর বিনিময়ে রাশিয়ার কাছ থেকে আর্থিক সহায়তা, সামরিক প্রযুক্তি এবং খাদ্য ও জ্বালানি সরবরাহ পাচ্ছে উত্তর কোরিয়া।
রাষ্ট্রীয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ‘ভিনদেশের মাটিতে’ যুদ্ধরত সেনাদের কিম অভিনন্দন জানিয়েছেন। তিনি জাতীয় মর্যাদার ‘বীরোচিত’ প্রতিরক্ষার জন্য তাদের প্রশংসা করেন এবং ‘সাহসী হতে’ নির্দেশ দেন। কেসিএনকে কিম বলেন, ‘নববর্ষকে স্বাগত জানাতে যখন পুরো দেশ উৎসবের আবহে, ঠিক এই মুহূর্তেও ভিনদেশের যুদ্ধক্ষেত্রে সাহসের সাথে লড়ে যাওয়া তোমাদের কথা আমি আরো বেশি করে মনে করছি।’ তিনি বলেন, ‘তোমাদের পেছনে রয়েছে পিয়ংইয়ং ও মস্কো।’
রাশিয়ার সাথে ‘অপরাজেয় জোট’ আরো শক্তিশালী করার জন্য সেনাদের প্রশংসা করেন কিম। তিনি তাদের ‘ভ্রাতৃপ্রতিম রুশ জনগণের জন্য’ লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এ বছর বিদেশের মাটিতে আরো সামরিক তৎপরতার ইঙ্গিতও দেন উত্তর কোরীয় নেতা। তিনি বলেন, ‘বিদেশী যুদ্ধক্ষেত্রে তোমরা যে উল্লেখযোগ্য কীর্তি গড়বে,’ সেটিই তার প্রমাণ।