আমিনবাজারে গ্যাস চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভারের আমিনবাজার ইউনিয়নে তিতাস গ্যাসের লিকেজ মেরামত না হওয়ায় দীর্ঘ ১০ মাস ধরে গ্যাসবঞ্চিত ২২টি গ্রামের বাসিন্দারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গত শুক্রবার বাদ জুমা আর অ্যান্ড আর এন্টারপ্রাইজ (সিএনজি) পাম্পের সামনে ব্যস্ততম মহাসড়কের সব লেন বন্ধ করে প্রায় পৌনে ১ ঘণ্টা অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের কাজ চলাকালে তিতাস গ্যাসের পাইপলাইনে লিকেজ সৃষ্টি হলেও তা এখনো মেরামত করা হয়নি। ফলে ইউনিয়নের অধিকাংশ গ্রাম গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। পূর্বঘোষিত মানববন্ধনের কর্মসূচি শেষে ক্ষুব্ধ গ্রাহকরা বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে নেমে অবরোধ করেন।

খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সাথে কথা বললে তারা অবরোধ তুলে নেন। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

ভুক্তভোগী গ্রাহক মোস্তাকিম হোসেন শাহরিয়ার জানান, ‘দীর্ঘদিন ধরে গ্যাস না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় রাজনৈতিক নেতা আব্দুল কাদের বলেন, দ্রুত লিকেজ মেরামত করে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।