মানুষের সেবায় নিবেদিত ইউপি সদস্য, নিজের ঘরেই চরম দুর্দশা

Printed Edition
bangla-2
মানুষের সেবায় নিবেদিত ইউপি সদস্য, নিজের ঘরেই চরম দুর্দশা

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য ধলা ভুরু (৫৬) মানুষের সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেও নিজের জীবন কাটছে চরম কষ্টে। দারিদ্র্যের সাথে লড়াই করেও তিনি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে দিন-রাত কাজ করে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, তার বসতঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। টিনের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি সরাসরি ঘরে পড়ে। বর্ষা মৌসুমে পলিথিন টাঙিয়ে কোনো মতে জিনিসপত্র রক্ষা করেন। কখনো পরিস্থিতি খারাপ হলে আশ্রয় নিতে হয় প্রতিবেশীর বাড়িতে। আর্থিক অসচ্ছলতার কারণে একটি পাকা ঘর নির্মাণ তার পক্ষে সম্ভব হয়নি।

ধলা ভুরু জানান, স্বাধীনতার পর বিয়ের পর স্বামীর সংসার টিকেনি। এক ছেলে নিয়ে ফিরে আসেন বাবার ভিটায়। দেড় শতাংশ জমিতে ছোট একটি ঘর তুললেও সেটিও এখন বসবাসের অনুপযোগী। ঘরের এমন অবস্থার কারণে পারিবারিক অস্থিরতাও তৈরি হয়েছে। তবুও ব্যক্তিগত কষ্ট উপেক্ষা করে তিনি মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন।

স্থানীয়রা জানান, তিনি একজন সৎ ও পরোপকারী জনপ্রতিনিধি। সরকারি সহায়তা বিতরণে তার বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ নেই। এলাকাবাসীর দাবি, এমন একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধির জন্য দ্রুত সরকারি সহায়তায় একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করা জরুরি।