সেরাকণ্ঠের টুসি গাইলেন বিটিভির সঙ্গীতায়

বিনোদন প্রতিবেদক
Printed Edition
bino-5
সেরাকণ্ঠের টুসি গাইলেন বিটিভির সঙ্গীতায়

সাবরিনা নওশীন টুসি, নারায়ণগঞ্জের মেয়ে। বেশ কয়েক বছর আগেই তিনি বিটিভিতে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকবার বিটিভির অনুষ্ঠানে গান গেয়েছেন। তবে সঙ্গীত জীবনের সেরা প্রাপ্তি হিসেবে এখন পর্যন্ত বড় হলো চ্যানেল আই আয়োজিত ‘সেরাকণ্ঠ ২০২৩’ প্রতিযোগিতায় গ্র্যান্ড ফিনালেতে অবস্থান করা। যদিও বা এখনো চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। কিন্তু তার পরেও যারা গ্র্যান্ড ফিনালেতে নির্বাচিত হয়ে আছেন তারা সবাই একটু একটু করে গানের ভুবনে নিজেদের বেশ ব্যস্ত করে তোলার চেষ্টা করছেন। রোজা শুরু হবার আগে টুসি ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি স্টেজ শোতে অংশ নিয়েছেন। এখন রোজা বিধায় আপাতত স্টেজ শো বন্ধ রয়েছে। তবে আগামী ঈদ এবং ঈদ পরবর্তী সময়ে স্টেজ শোতে পারফর্ম করার সম্ভাবনা রয়েছেন টুসির। এরই মধ্যে শুক্রবার বিটিভির নিয়মিত মৌলিক গানের অনুষ্ঠান সঙ্গীতায় একটি চমৎকার গান পরিবেশন করেছেন টুসি। গানের শিরোনাম ‘লাল হয়েছে লাল-শিমুল গাছের ডাল’। গানটি লিখেছেন নাজমুল খান, সুর সঙ্গীত করেছেন মোসাদ্দেক মাসুম। গানটি প্রসঙ্গে টুসি বলেন, ‘এর আগেও বিটিভির সঙ্গীতায় গান গেয়েছি। তবে এবারের গানটি যেন একটু বেশিই সুন্দর। গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। আশা করছি শ্রোতা দর্শকের ভালোলাগবে। সঙ্গীতার আমার অংশগ্রহণের পর্বটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে।’ এদিকে টুসি প্রোটিউন মিউজিক স্টেশনের জন্য নতুন একটি গানের ভয়েজ দিবেন শিগগিরই। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির সাথে চুক্তিও সম্পন্ন হয়েছে বলে জানালেন টুসি। এদিকে কিছু দিন আগে ‘কী জ্বালা দিয়া গেলা মোরে’ গানটি কাভার করে টুসি তার নিজের ইউটিউব চ্যানেল ‘সাবরিনা নওশীন অফিসিয়াল’-এ প্রকাশ করেছেন। তবে টুসি অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘তোমার শেষের কথা আমার বুকে আছে জমা’ গানটির জন্য। এটি টুসির গাওয়া একটি আধুনিক গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শেখ জসীম। এরই মধ্যে গানটি প্রকাশ হবার কথা রয়েছে বলে জানান টুসি। শেখ জসীমের সঙ্গেই গেল বছরের শেষপ্রান্তে রাজধানীর গুলশানের একটি গজল সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন টুসি। সেরাকণ্ঠ ২০২৩ প্রতিযোগিতায় একটি পর্বে অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন নায়ক আলমগীর। টুসির কণ্ঠে রুনা লায়লার গাওয়া ‘ও বন্ধুরে প্রাণও বন্ধুরে’ গানটি শুনে আলমগীর অভিমত প্রকাশ করেছিলেন যে, টুসির কণ্ঠটি প্লে-ব্যাকের জন্য অর্থাৎ সিনেমার গানের জন্য পারফেক্ট।