টেকনাফে ১ লাখ ৭১ হাজার পিস ইয়াবা উদ্ধার
Printed Edition
কক্সবাজার অফিস
কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় পিকআপ ভ্যান তল্লাশি করে এক লাখ ৭১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ উপজেলার নতুন পল্লান পাড়ার বাসিন্দা মৃত মন্তাজের ছেলে মো: ফিরোজ (৩৫) ও নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো: ফয়সাল (২০)।
গতকাল বুধবার উখিয়া বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত মঙ্গলবার গভীর রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাছের মিনি পিকআপ ভ্যান শীলখালী অস্থায়ী চেকপোস্টে বিজিবি সদস্যরা তল্লাশি করে মাছের ড্রামের ভেতর থেকে কস্টেপে মোড়ানো ২০টি পোটলার মধ্যে এক লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় পিকআপ চালক ফিরোজ ও হেলপার ফয়সালকে।