রাবিতে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প ও ভ্যাকসিনেশন কর্মসূচি
Printed Edition
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল কানেকশনস ইভেন্টের অংশ হিসেবে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প ও ভ্যাকসিনেশনের মাধ্যামে গবাদিপশু ও পোষাপ্রাণীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসা, টিকাদান এবং প্রয়োজনীয় সার্জারি সেবা দেয়া হয়েছে।
গতকাল সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত রাবি ভেটেরিনারি টিচিং হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে এ কর্মসূচি পরিচালিত হয়েছে।
আয়োজকরা জানান, রাবির প্রাণী কল্যাণ সমিতির (আরইউএডব্লিউএ) কারিগরি সহায়তায় এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আশপাশের এলাকার খামারি ও পোষাপ্রাণী মালিকরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা নেন। এ ধরনের উদ্যোগ প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সের সহযোগী অধ্যাপক ড. জসীম উদ্দিন বলেন, এই প্রোগ্রামটি ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ভেটেরিনারি সায়েন্স অনুষদের অ্যানিমেল ওয়েলফেয়ার উদ্যোগের অংশ। আমরা ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের অ্যালামনাই হিসেবে এই কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করছি।
বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য মো: অবাক বলেন, আমরা ক্যাম্পাস ও আশেপাশে থাকা কুকুর-বিড়ালের নিয়মিত সেবা দিয়ে আসছি। এর আগেও আমরা দু’টি প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছি। এ ধরনের কার্যক্রম আমরা প্রতি ছয় মাস পরপর আয়োজন করে থাকি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব।