শিক্ষাবিদ অধ্যক্ষ মনিরুজ্জামান ফরিদীর ইন্তেকাল

Printed Edition
back-3
শিক্ষাবিদ অধ্যক্ষ মনিরুজ্জামান ফরিদীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান ফরিদী গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শিক্ষাঙ্গন ও ধর্মীয় পরিমণ্ডলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মাওলানা ফরিদী ছিলেন দাওরায়ে হাদিস (লালবাগ) সম্পন্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামে স্নাতকোত্তর (এমএ) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী এক মেধাবী ব্যক্তিত্ব। তিনি কর্মজীবনে গোপালগঞ্জের সাতপাড় সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ফরিদপুরের রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ, বরিশালের সরকারি ফজলুল হক কলেজ এবং মাদারীপুরের বরহামগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যাপনা করেছেন।

তার শিক্ষা জীবন ছিল বৈচিত্র্যময় ও অনুপ্রেরণামূলক। ম্যাট্রিকুলেশন শেষে পরিবার তাকে আইনজীবী করার উদ্দেশ্যে খুলনার বিএল কলেজে পাঠালেও পথিমধ্যে এক আলেমের সংস্পর্শে এসে তার জীবনের মোড় ঘুরে যায়। পরবর্তীতে তিনি গওহরডাঙ্গা মাদরাসায় ভর্তি হয়ে দীর্ঘ আট বছর মাদরাসা শিক্ষায় নিজেকে গড়ে তোলেন। পরবর্তীতে সাধারণ শিক্ষায় ফিরে গোপালগঞ্জের তৎকালীন কায়েদে আজম কলেজ (বর্তমান বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ) থেকে আইএ ও বিএ সম্পন্ন করেন।

ছাত্রজীবনে তিনি ছাত্রনেতা হিসেবেও পরিচিত ছিলেন এবং কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। ১৯৬৫ সালের আইয়ুববিরোধী আন্দোলনের সময় তিনি বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে অংশ নেন এবং তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমানের সাথে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সুযোগ পান।

পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ভর্তি হলেও পরবর্তীতে ইসলামিক স্টাডিজ বিভাগে স্থানান্তরিত হয়ে কৃতিত্বের সাথে এমএ সম্পন্ন করেন। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ থাকা সত্ত্বেও পারিবারিক দায়িত্ববোধ থেকে তিনি দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পেশাগত জীবনে তিনি সততা, নৈতিকতা ও শিক্ষার আদর্শে অবিচল ছিলেন। একই সাথে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছিল তার আজীবন লালিত স্বপ্ন। এ লক্ষ্যে তিনি মওলানা সাইয়েদ আবুল আ’লা মওদুদী, অধ্যাপক গোলাম আযম এবং মওলানা শামসুল হক ফরিদপুরীর মতো ব্যক্তিত্বদের সাথে বুদ্ধিবিনিময় ও পত্রালাপ করতেন।

তিনি কর্মজীবন শুরু করেন ১৯৬৮ সালে বরহামগঞ্জ ডিগ্রি কলেজে। পরে সরকারি ফজলুল হক কলেজ, বরিশাল এবং রাজেন্দ্র কলেজ, ফরিদপুরে দীর্ঘদিন অধ্যাপনা করেন। সর্বশেষ সাতপাড় সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে ১৯৯৫ সালে অবসর গ্রহণ করেন। অধ্যক্ষ মনিরুজ্জামান ফরিদী দিগন্ত টিভির সাবেক নির্বাহী প্রযোজক ও শিল্পী ফরিদী নুমানের পিতা।

জানাজা : মরহুমের নামাজে জানাজা আজ (২২ এপ্রিল) সকাল ৮টায় ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ শহর ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হবে। পরিবার-পরিজন, সহকর্মী, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের প্রতি নামাজে জানাজায় অংশগ্রহণ করে তার রূহের মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।