নাটোরে কৃষক হত্যা : আ’লীগ নেতাসহ ছয়জনের যাবজ্জীবন
Printed Edition
নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী তালুকদারকে কুপিয়ে হত্যা মামলায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল নাটোরের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো: সাইফুল ইসলাম এই রায় দেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত চার আসামির গতকাল থেকেই কারাদণ্ড কার্যকর হলেও পালিয়ে থাকা আবুল হোসেন ও আবু রায়হান মৃধার আটকের দিন থেকে কার্যকর করা হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত প্রত্যেককে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে ৫০ হাজার করে টাকা পরিশোধ করার জন্যও নিদের্শনা দিয়েছেন বিচারক। এ ছাড়া আসামিরা ইতঃপূর্বে কোনো হাজতবাস করে থাকলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে তা কমিয়ে দেয়া হবে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার কলিগ্রামের সিরাজ উদ্দিনের দুই ছেলে মো: ইদ্রিস আলী ও মো: ইউনুস আলী, গুনাইখাড়া গ্রামের সোলেমান আলী মৃধার দুই ছেলে আবু রায়হান মৃধা ও হাতিয়ানদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মাহবুব মৃধা, একই গ্রামের অনাথ মণ্ডলের ছেলে শ্রী কার্তিক মণ্ডল এবং উলিপুর গ্রামের মকছেদ আলীর ছেলে মো: আবুল হোসেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার কৃষক মেছের আলী তালুকদারের সাথে গুনাইখাড়া গ্রামের সোলেমান আলী মৃধার জমি-জমা নিয়ে পূর্ব থেকে বিরোধ ছিল। ১৯৯৯ সালের ২৩ ফেব্র“য়ারি সন্ধ্যা জরুরি কাজে মেছের আলী নিজগ্রামের খাজামুদ্দিনের বাড়িতে গেলে আসামিরা সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে স্বজনরা তাকে বাড়ি নিয়ে আসার সাথে সাথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন তার ছেলে মোসলেম তালুকদার সিংড়া থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক গতকাল এই রায় দেন।