বেগম খালেদা জিয়ার জন্য বিভিন্ন স্থানে দোয়া
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, বিএনপি মনোনীত প্রার্থীর উদ্যোগে দিনব্যাপী কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব কান্দিপাড়া বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু উপস্থিত ছিলেন। এ সময় আলেম-ওলামা, মাদরাসার শিক্ষার্থী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চাটমোহর সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি পালন করা হয়। দোয়া পরিচালনা করেন আব্দুল বাতেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করেন।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, পৃথক পৃথক স্থানে দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর স্থানীয় উপজেলা বিএনপির উদ্যোগে দরগাহপাড়াস্থ হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়েমেনী (রহ:)-এর মাজার শরিফ সংলগ্ন মখদুমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই দিন শাহজাদপুর সরকারি কলেজ মাঠেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়। উভয় স্থানে বিএনপি নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।