মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-২০ বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মিচেল মার্শকে অধিনায়ক করে ঘোষিত এই স্কোয়াডে চোটাক্রান্ত একাধিক তারকা ক্রিকেটারকে রেখেই বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

দলে জায়গা পেয়েছেন ইনজুরির সাথে লড়াই করতে থাকা অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড, পাশাপাশি হার্ডহিটার টিম ডেভিডও। পিঠের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজে মাত্র একটি টেস্ট খেলতে পেরেছেন কামিন্স। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির আগে জানুয়ারিতে তার আবারো স্ক্যান করানো হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্য দিকে একিলিস ইনজুরির কারণে পুরো অ্যাশেজ সিরিজে মাঠের বাইরে থাকা জশ হ্যাজলউডকেও বিশ্বকাপ ভাবনায় রেখেছেন নির্বাচকরা।

এ ছাড়া বক্সিং ডে-তে বিগ ব্যাশ লিগে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া টিম ডেভিডকেও দলে রাখা হয়েছে। তার ফিটনেস পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হলেও বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদি টিম ম্যানেজমেন্ট। ভারত সফরের দলে না থাকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও তরুণ কুপার কনলিও ফিরেছেন বিশ্বকাপ স্কোয়াডে। তাদের অন্তর্ভুক্তির ফলে দল থেকে বাদ পড়েছেন মিচেল ওন ও বেন ডারউইশ। উইকেটরক্ষক হিসেবে দলে আছেন শুধু জশ ইংলিশ, যিনি সাম্প্রতিক সময়ে টি-২০ দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন। টি-২০ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। তুলনামূলকভাবে গ্রুপটি সহজ মনে হলেও আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।নির্বাচক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিজ্ঞতা ও ভারসাম্যকে গুরুত্ব দিয়েই দল গড়া হয়েছে। চোট থাকলেও বড় মঞ্চে পারফর্ম করার সক্ষমতা বিবেচনায় রেখেই কামিন্স, হ্যাজলউড ও ডেভিডকে দলে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়া স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), হাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।