সোমালিল্যান্ডে ইসরাইলের দূত নিয়োগের নিন্দা ১২ দেশের
Printed Edition
রয়টার্স
বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরবসহ ১২টি দেশ সোমালিয়া থেকে পৃথক হতে চাওয়া সোমালিল্যান্ডে ইসরাইলের কূটনৈতিক নিয়োগের পদক্ষেপের নিন্দা জানিয়েছে। গত শনিবার এসব দেশের যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। দু’দিন আগে ইসলামী সহযোগিতা সংস্থাও (ওআইসি) পৃথক বিবৃতিতে ‘কথিত’ সোমালিল্যান্ডে দূত নিয়োগের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
শনিবার এক্স পোস্টে ওমান ও পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি প্রকাশ করে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক্স পোস্টের বরাতে লিখেছে, সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডে কূটনৈতিক প্রতিনিধি নিয়োগের ইসরাইলি ঘোষণার বিষয়ে ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ‘তীব্র নিন্দা’ প্রকাশ করেছেন। বিবৃতিতে সম্মতি প্রকাশ করা অন্য দেশগুলো হলো- সোমালিয়া, মিসর, সুদান, লিবিয়া, আলজেরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, ইন্দোনেশিয়া ও কুয়েত। ইসরাইল গত বুধবার সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডে তাদের প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাইকেল লোটেমকে সেখানকার অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
১৯৯১ সালে সোমালিয়ার সামরিক স্বৈরশাসক সিয়াদ বারের ক্ষমতাচ্যুতির পর নিজেদের স্বাধীনতা ঘোষণা করে প্রায় ৬০ লাখ জনসংখ্যা অধ্যুষিত সোমালিল্যান্ড। শনিবার ইসরাইলের পদক্ষেপের দূত নিয়োগের নিন্দা জানিয়ে ১২ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষের যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরাইলের এ পদক্ষেপ ‘সোমালিয়া ফেডারেল প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার এক চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত’। বিবৃতি অনুযায়ী, মন্ত্রীরা ‘রাষ্ট্রের ঐক্য নষ্ট করে বা তাদের সার্বভৌমত্ব ক্ষুণœ করে এমন সব একতরফা পদক্ষেপের দ্ব্যর্থহীন প্রত্যাখ্যান’ পুনর্ব্যক্ত করেন।