স্কুল ক্রিকেটে এবার সাড়ে ৮ হাজার ক্রিকেটার
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
আজ থেকে মাঠে গড়াচ্ছে স্কুল ক্রিকেটের একাদশ আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে চলবে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬ মৌসুম।
দেশের সব প্রান্তের প্রতিভাবান খুদে ক্রিকেটারদের সুযোগ করে দিতে ২০১৫ সাল থেকেই বিসিবির সাথে স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষক হিসেবে সম্পৃক্ত প্রাইম ব্যাংক। এ বছর ৬৪ জেলা থেকে অংশ নিচ্ছে ৩৫০ স্কুলের সাড়ে আট হাজারের বেশি খুদে ক্রিকেটার, ম্যাচ হবে ৬৫১টি। আজ থেকে শুরু হবে জেলা পর্যায়ের ম্যাচগুলো। এরপর বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা। গতকাল বিসিবি মিডিয়া সেন্টারে হয় সংবাদ সম্মেলন ও জার্সি উন্মোচন। উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো: নাজিম এ চৌধুরী এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স সৈয়দ রায়হান তারিক। বিসিবির পক্ষে ছিলেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং স্কুল ক্রিকেট থেকে উঠে আসা জাতীয় দলের ব্যাটার তৌহিদ হৃদয়।
প্রাইম ব্যাংকের এএমডি মো: নাজিম বলেন, ‘স্কুল ক্রিকেট খেলা প্রায় ১০/১২ জন ক্রিকেটার আছেন যারা সর্ব্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন। এটা আনন্দ ও গর্বের। তৃণমূল পর্যায়ে ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ জায়গায় যুক্ত থাকতে পেরে প্রাইম ব্যাংক আনন্দিত এবং গর্বিত। ১০ বছর ধরেই স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক। এটা আমাদের জন্য আবেগের জায়গাও বটে।’ ২০১৫ সালে শুরু হওয়া স্কুল ক্রিকেটে বিভিন্ন সময়ে তিন হাজার ৫০৭ স্কুলের ৭৬ হাজার ২৩৫ খুদে ক্রিকেটার দেশের সব প্রান্তে ছয় হাজার ১৯৫ ম্যাচে খেলেছে। এ ছাড়া প্রতি বছর বিসিবির বয়স ভিত্তিক ক্রিকেটের নির্বাচকদের নির্বাচনের ভিত্তিতে সেরা ১৫ ক্রিকেটারকে বৃত্তি দিয়ে আসছে প্রাইম ব্যাংক পিএলসি। বিসিবির অনুরোধে এবছল বৃত্তি সংখ্যা ১৫ থেকে ২৫ করা হয়েছে। স্কলারশিপের পরিমাণও বছরে ৬০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকা করা হয়েছে।