সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত শিশু
ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে রাতে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ১০ বছর বয়সী শিশুসন্তানকেও নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানায়, গতকাল শনিবার শরিফ সরদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূ প্রবাসী আল আমিনের স্ত্রী। ঘটনার সময় আল আমিন বিদেশে অবস্থান করছিলেন। ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। ভোলা প্রতিনিধি।
বিদ্যুতস্পৃষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
গলাচিপায় সড়কের ওপর ছিঁড়ে পড়া বিদ্যুতের সার্ভিস লাইনের তারে স্পৃষ্ট হয়ে আসাদ উজ্জামান (৪২) নামে এক জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে গলাচিপা-বদনাতলী সড়কের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কর্মকর্তা গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চর বাদুড়া গ্রামের ফজলুর রহমান মৃধার ছেলে। তিনি চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে কে নিয়ে পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকায় বসবাস করতেন। জানা যায়, সড়কের ওপর বিদ্যুতের সার্ভিস লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তার বুকে বিদ্যুতের তারের স্পর্শে শর্ট সার্কিট থেকে তার মৃত্যু হয়। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।
২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পাকুন্দিয়া থানার ওসিসহ চার পুলিশ এবং উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একটি স্কুলসহ অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। গত শুক্রবার পৌর সদরে টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা ও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনার জেরে গতকাল শনিবার দুপুরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফের সংঘর্ষে জড়ায়। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
আদালতের আদেশ অমান্যের অভিযোগ
পটুয়াখালীর কুয়াকাটায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের দেয়া স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) আদেশ অমান্যের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক সরকারি কর্মকর্তা। গতকার শনিবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জালাল উদ্দিন আহম্মেদ। তিনি বরগুনার তালতলী উপজেলায় যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত। তার দাবি, অভিযুক্ত আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ওই জমিতে টিনের ঘর নির্মাণ করে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মজিবর মোল্লা, জয়নাল শেখ, শাহ আলমসহ আরো কয়েকজন। তারা নিয়মিত হুমকি-ধমকিও দিচ্ছেন বলে দাবি করেন ভুক্তভোগী। অভিযুক্তরা বলেন, যে স্থানে ঘর নির্মাণ করেছি, সেখানে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা।
কৃষি কর্মকর্তার ওপর হামলা
সিরাজগঞ্জের রায়গঞ্জে তেল পাম্পে দায়িত্ব পালনকালে এক উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় বিচার দাবিতে কর্মবিরতি পালন করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। এতে ডিজেল সরবরাহ ও প্রত্যয়নপত্র প্রদান কার্যক্রমে স্থবির হয়ে পড়েছে। ফলে ইরি-বোরো সেচ কার্যক্রম ব্যাহত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। ইরি-বোরো মৌসুমে সেচ কার্যক্রম সচল রাখতে উপজেলার ছয়টি তেল পাম্পে উপসহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পালনকালে মাস্টার ফিলিং স্টেশনে তেল বিতরণ তদারকির দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা রাজীবুল হাসান ওপর গত ৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি হামলা চালায়। ঘটনার পর নিরাপত্তাহীনতা ও দোষীদের শাস্তির দাবিতে পাম্পে দায়িত্বপ্রাপ্ত উপসহকারীরা কর্মবিরতি শুরু করেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা।
ফসলি জমিতে পুকুর খনন, জরিমানা
রাজশাহীর পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের পালোপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। পুকুর খননের মূল হোতা দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মনিরুজ্জামান (৪০) পালোপাড়া গ্রামের মৃত্যু আবদুস সামাদের ছেলে। অভিযানকালে ভেকুচালক পালিয়ে যায়। তবে মেশিনের ব্যাটারি খুলে নিয়ে আসেন স্থানীয় প্রশাসন। ইউএনও বলেন, ফসলি জমি নষ্ট করে অননুমোদিতভাবে মাটি বিক্রি ও যত্রতত্র পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে। পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা।
সিসা কারখানা সিলগালা
পরিবেশ বিপর্যায় ঠেকাতে ঢাকার ধামরাইয়ে অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে প্রতীকী উদ্যোগ হিসেবে সেখানে গাছও রোপণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে ও সুতিপাড়া ইউনিয়নের সাহা-বেলিশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ধামরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-মামুন ও সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট তিনটি কারখানায়ভুল্লাশি চালানো হয়। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।
আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৩০
ফরিদপুরের সালথা উপজেলার বালিয়া গট্টি গ্রামে পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বালিয়া গ্রামের বিএনপি সমর্থক জাহিদ মাতুব্বরের পক্ষের লোকজনের সাথে একই এলাকার নুরু মাতুব্বরের সমর্থকদের দীর্ঘ দিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত। উল্লেখ্য, নুরু মাতুব্বর পূর্বে সালথা উপজেলা আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা।
৪০ হাজার লিটার জ্বালানি উদ্ধার
নীলফামারীর সৈয়দপুরে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ৪০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত সাতজনকে আটক করে মোট ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কামারপুকুর ধলাগাছ সুখিপাড়া ম্যাচ ফ্যাক্টরি এলাকার একটি এলপিজি ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের নেতৃত্বে পুলিশসহ একটি দল অভিযান চালায়। এ সময় কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্স সদৃশ মাইক্রোবাসে জারকিনভর্তি জ্বালানি তেল পাচারের প্রস্তুতিকালে তা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচটি লরি, একটি কাভার্ড ভ্যান ও একটি মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত তেলের মধ্যে ৩৯ হাজার ১৭ লিটার পেট্রোল, ৩৩৮ লিটার ডিজেল ও ২৪০ লিটার অকটেন রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৯৩ হাজার টাকা। প্রশাসনের দাবি, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে অধিক মূল্যে বিক্রি করছিল। প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা।