কার্টুন শেয়ারের অভিযোগে গ্রেফতারের ঘটনায় হাসনাতের ক্ষোভ

কেবল রাজনৈতিক কার্টুন এঁকে থাকলে কোনো অভিযোগ নেই : চিফ হুইপ

Printed Edition

সংসদ প্রতিবেদক

কার্টুন শেয়ার করার অভিযোগে এক অ্যাক্টিভিস্টকে গ্রেফতারের ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ ঘটনাকে কেন্দ্র করে নাগরিক স্বাধীনতা, আইনের প্রয়োগ ও রাজনৈতিক সহনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে হাসনাত আব্দুল্লাহর অভিযোগটি অস্বীকার করে ব্যাখ্যা দিয়েছেন চিফ হুইপ মো: নূরুল ইসলাম মনি।

গতকাল রোববার জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ এ ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, কার্টুন শেয়ার করার কারণে অ্যাক্টিভিস্ট এ এম হাসান নাসিমকে গ্রেফতার করা হয়েছে, যা একটি গণতান্ত্রিক পরিবেশে অগ্রহণযোগ্য। তিনি বলেন, “আমরা কল্পনাও করতে পারিনি, একটি গণ-অভ্যুত্থানের পর কার্টুন শেয়ার করায় একজনকে গ্রেফতার করা হবে।” তিনি দাবি করেন, সরকারি দলের চিফ হুইপ পূর্বে সংসদে স্যাটায়ার করে খাদ্য তালিকায় তিমি মাছ ও হাঙরের কথা বলেছিলেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে তৈরি একটি কার্টুন শেয়ার করার কারণেই এই গ্রেফতার হয়েছে।

তিনি আরো অভিযোগ করেন, চিফ হুইপের একজন কর্মী ২৫ ধারায় মামলা করেছেন, যেখানে যৌন নির্যাতনের বিষয় উল্লেখ থাকে। অথচ সংশ্লিষ্ট কার্টুনে এমন কোনো উপাদান নেই বলে তিনি দাবি করেন। তার মতে, নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী মত দমন করতে এ ধরনের মামলা ও গ্রেফতার করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে জামিনও দেয়া হচ্ছে না। একই সাথে তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনে কার্টুন শেয়ার করার জন্য মামলা করার কোনো বিধান নেই। সংসদে প্রশ্নোত্তর পর্ব স্থগিত থাকায় মন্ত্রীদের জবাবদিহিতাও নিশ্চিত করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, কার্যপ্রণালি বিধি অনুযায়ী অধিকারের প্রশ্ন উত্থাপনের জন্য দুই ঘণ্টা আগে নোটিশ দেয়ার নিয়ম রয়েছে।