বিজ্ঞানে যে জাতি যত উন্নত হবে সে জাতি ততই সমৃদ্ধ হবে : চবি ভিসি

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, বিজ্ঞানে যে জাতি যত উন্নত হবে সে জাতি ততই সমৃদ্ধ হবে। সর্বক্ষেত্রে তাদের উন্নতি ঘটবে। এ জন্য কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান সম্পর্কে উদ্বুদ্ধ করতে হবে। বিজ্ঞানের অন্যতন শাখা হলো জীববিজ্ঞান। শেখার মতো, আবিষ্কার করার মতো জীববিজ্ঞানের অনেক বিষয় রয়েছে। সেসব বিষয়ে শিক্ষার্থীদের জানার চেষ্টা করতে হবে। এ জন্য প্রথমে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কে? জীবনের পরতে পরতে আমি কে, এ প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে অনেক অজানা বিষয়ে বেরিয়ে আসবে। শনিবার চট্টগ্রাম নগরের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড উৎসব-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেরিন সিটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ডা: সুজাত পাল এবং চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিম্যাল এন্ড সায়েন্সস বিশ্ববিদ্যালয়ের পরিবেশ জীবপ্রযুক্তি বিভাগের প্রভাষক ফাহমিদা বিনতে ওয়ালি স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সভাপতি ও জীববিজ্ঞান অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা (আঁখি)। বিজ্ঞপ্তি।