সোনারগাঁওয়ে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত স্বেচ্ছাসেবক দল নেতা
Printed Edition
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক স্বেচ্ছাসেবক দল নেতার দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। মাদকব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেয়ায় গত সোমবার দুপুরে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বেচ্ছাসেবক দল নেতা মো: হাকিমকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আহতের বাবা আব্দুল আউয়াল বাদি হয়ে গতকাল মঙ্গলবার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকায় ফুল চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী দল তৈরি করে এলাকায় মাদকব্যবসা নিয়ন্ত্রণসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে বিভিন্ন সময় প্রতিবাদ করেন ওই এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো: হাকিম। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার দুপুরে জোহর নামাজের পর মসজিদের মাঠে জাকিরের নেতৃত্বে মাসুম মিয়া, আলম মিয়াসহ ৭-৮ জনের একটি দল দেশীয় অস্ত্র, লোহার রড, হকিস্টিক, দা ও লাঠিসোটায় সজ্জিত হয়ে মো: হাকিমের ওপর হামলা করে। এ সময় পিটিয়ে তার দু পা ভেঙে দেয় হামলাকারীরা। একপর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে মূমূর্ষু অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।
আহতের বাবা আব্দুল আউয়াল জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে জাকির হোসেন ও তার লোকজন। ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় নেতাদের শেল্টারে নির্বিঘেœ এসব অপকর্ম করে আসছে। তার ছেলে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর থেকে এসবের প্রতিবাদ করেন। গত সোমবার দুপুরে জোহর নামাজ শেষে একা পেয়ে তার ওপর হামলা করে। এ সময় লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙে দেয়।
অভিযুক্ত জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনার সাথে তিনি জড়িত না। স্থানীয় কিছু বিএনপি নেতা অপপ্রচার করছে। তবে তার ভাতিজা মাসুমের সাথে মনোমালিন্যে এ ঘটনা ঘটেছে।
সোনারগাঁও থানার ওসি মো: মহিববুল্লাহ বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।