গাজায় ত্রাণ পৌঁছাতে প্রধান বাধা ইসরাইলি বিধিনিষেধ

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বোর্ড অফ পিস-এর উচ্চপদস্থ প্রতিনিধি নিকোলে ম্লাদেনভ জানিয়েছেন, সীমান্ত পারাপারে ইসরাইলের ব্যাপক কড়াকড়িই গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের প্রধান বাধা। তিনি আল কাহেরা নিউজ চ্যানেলকে বলেন, যে গাজার অর্ধেকেরও বেশি এলাকা এখনো ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকায় ত্রাণ বিতরণ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বিশেষ করে তথাকথিত দ্বৈত ব্যবহারের অজুহাতে বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় জীবন রক্ষাকারী পণ্যের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা ত্রাণ সরবরাহের পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। ম্লাদেনভ সতর্ক করেন যে, গাজার স্বাস্থ্য খাত পুনর্গঠন এবং শিশুদের পুনরায় শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে আনতে না পারলে ভবিষ্যতে এর মারাত্মক প্রভাব পড়বে।

অভিযুক্ত ইসরাইলি সেনাদের পুনর্বহাল

কুখ্যাত সদে তেইমান সামরিক ঘাঁটিতে এক ফিলিস্তিনি বন্দীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত বেশ কয়েকজন সেনাকে আবারো সক্রিয় রিজার্ভ ডিউটিতে যোগদানের অনুমতি দিয়েছেন ইসরাইলি চিফ অফ স্টাফ ইয়াল জামির। রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে ওই বন্দীকে নির্যাতন ও যৌন নিপীড়নের ফলে তিনি গুরুতর আহত হয়েছিলেন।

ইসরাইলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে ইউনিট ১০০-এর এসব সেনার বিরুদ্ধে অভ্যন্তরীণ সামরিক তদন্ত শেষ হওয়ার আগেই তাদের চাকরিতে ফিরিয়ে নেয়া হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে, চলমান তদন্ত রিজার্ভ ডিউটিতে যোগদানের ক্ষেত্রে বাধা নয়। ইতঃপূর্বে এই ঘটনার সাথে জড়িত পাঁচ সেনার বিরুদ্ধে আনীত অভিযোগপত্র প্রত্যাহার করে নিয়েছিল সামরিক প্রসিকিউশন যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

দুই চালককে হত্যায় ইউনিসেফের নিন্দা

গাজা উপত্যকায় বিশুদ্ধ পানি পৌঁছে দেয়ার কাজে নিয়োজিত দুইজন চালককে উত্তর গাজার মানসুরা পানি সংগ্রহ কেন্দ্রে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। জাতিসঙ্ঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সংস্থাটি জানায় যে, চালকরা যখন তাদের নিয়মিত দায়িত্ব পালন করছিলেন তখনই ইসরাইলি বাহিনীর গুলিতে তারা প্রাণ হারান। মানসুরা পানি সংগ্রহ কেন্দ্রটি গাজা সিটিতে পানি সরবরাহের একমাত্র সচল পয়েন্ট যা প্রতিদিন লাখ লাখ মানুষের পানির অভাব মেটাতে ব্যবহৃত হয়। ইউনিসেফ এই ঘটনার অবিলম্বে তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য ইসরাইলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।