‘টেফ কুইন্সল্যান্ড’র থিম সং নিয়ে রাজা বশির
Printed Edition
বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী বশির আহমেদের দুই সুযোগ্য সন্তান হোমায়রা বশির ও রাজা বশির বাবার গানকে প্রজন্মের পর প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন। দেশে এবং দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে তারা তাদের বাবার বিখ্যাত গানগুলো পরিবেশন করার মধ্যদিয়ে বর্তমান প্রজন্মের শ্রোতা দর্শককেও মনে করিয়ে দিতে চান- এই দেশের একজন জনপ্রিয় কিংবদন্তি সঙ্গীতশিল্পী ছিলেন তাদের বাবা বশির আহমেদ। বশির আহমেদের যোগ্য সন্তান রাজা বশির এবার ‘নেটফ্লিক্স’র সিনেমা ‘সান সার্ফ অ্যান্ড সান্ড’-এর সঙ্গীত পরিচালনার কাজ করছেন। রাজা জানান, এটা প্রায় দুই বছর মেয়াদি একটি কাজ। এরই মধ্যে তিনি এই সিনেমার সঙ্গীত পরিচালনার কাজ শুরু করেছেন। তবে রাজা আরো অনেক বেশি উচ্ছ্বসিত ও আনন্দিত অস্ট্রেলিয়ার ‘টেফ কুইন্সল্যান্ড’ ইউনিভার্সিটির ‘থিম সং’র কাজ নিয়ে। একজন বাংলাদেশী হিসেবে সেখানকার একটি বিশ^বিদ্যালয়ের থিম সং-এর কাজ পাওয়া ভীষণ গর্বের বিষয়ই মনে করেন তিনি। ‘টেফ কুইন্সল্যান্ড’ ইউনিভার্সিটি মূলত একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। সেখান থেকে রাজা বশির কিছু দিন আগে সাউন্ড প্রোডাকশনের ওপর ডিপ্লোমা সম্পন্ন করেছেন। নেটফ্লিক্সের সিনেমার সঙ্গীত পরিচালনা ও ‘টেফ কুইন্সল্যান্ড’ ইউনিভার্সিটির থিম সং করা প্রসঙ্গে রাজা বশির বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমার বড়বোন হোমায়রার অনুপ্রেরণায় এবং আমার টেফ কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির সবার ভালোবাসায় আমি বেশ ভালোভাবে ডিপ্লোমা সম্পন্ন করেছি। ডিপ্লোমা শেষ করার পরই আমাকে এই ইউনিভার্সিটির থিম করার দায়িত্ব দেয়া হয়। যা আমারই লেখা ও সুর করা। ইউনিভার্সিটির ডিরেক্টর রিচার্ড বার্নটে আমার করা থিম সংটি ভীষণ পছন্দ করেছেন এবং আমাকেই এই থিম সং-এর ভিডিও করারও দায়িত্ব দেয়া হয়েছে। আর টেফেতে কোর্স করা অবস্থাতেই নেটফ্লিক্স-এর সিনেমাটিতে আমার অভিনয় করার সুযোগ আসে। একটা সময় সিনেমার ডিরেক্টর পেটার এবং নিজেল আমাকে সিনেমাটির সম্পূর্ণ সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেন। এই সিনেমাতে একটাই বাংলা গান থাকছে যে গানটি হোমায়রা আপাই গাইবেন, শিগগিরই। দুটো বিষয়ই আমার কাছে এই মুহূর্তে ভীষণ উচ্ছ্বাসের, ভীষণ ভালোলাগার। আমি দেশবাসীর কাছে দোয়া চাই যেন দেশের বাইরে আরো ভালো ভালো কাজ করার সুযোগ পাই। তবে এটা সত্যি, এই মুহূর্তে আমার আব্বা আম্মা বেঁচে থাকলে ভীষণ খুশি হতেন।’ এদিকে শিগগিরই আবারো শুরু হতে যাচ্ছে রাজা বর্শিরের মিউজিক ও ভিডিও ডিরেকশনে ‘মেলোডি জংশন সিজন টু’র প্রচার। এর সার্বিক পরিচালনায় আছেন হোমায়রা বশির।