বৈঠকে বানরের বাঁদরামি

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

চলছিল সরকারি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠক। ছিলেন জেলা প্রশাসকও। এর মধ্যেই বৈঠক কক্ষে ঢুকে পড়ল একটি বানর। কিছুক্ষণ এদিক-সেদিক ঘুরে সোজা গিয়ে সভাপতির আসনে বসে পড়ল সে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাগপতে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বাগপতের বিকাশ ভবনে কৃষকদের সভা চলছিল। কৃষকদের বিভিন্ন অভিযোগ শুনছিলেন সরকারি কর্তারা। ঠিক তখনই বাঁদরটি সভাকক্ষে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

বাঁদরটি জেলাশাসক অস্মিতা লালের চেয়ারের উপরেও বসে পড়ে। সে ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওয়ে দেখা গিয়েছে, বৈঠক চলাকালীন ঘরে ঢুকে পড়েছে একটি বাঁদর। একেবারে জেলাশাসকের চেয়ারের সামনে গিয়ে লাফাতে থাকে সে। এর পর জেলাশাসক বাঁদরটির দিকে ইশারা করে বসতে বলেন। কিছুক্ষণের জন্য জেলাশাসকের চেয়ারে বসেও থাকে বাঁদরটি। এরই মধ্যে জেলাশাসকের দফতরের কর্মীরা সেখানে এসে পৌঁছান। সরিয়ে দেয়া হয় তাকে।