আতশবাজি পটকা মানতে পারছেন না তামিম-নাফিস

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশবাসী। গান বাজনার পাশাপাশি আতশবাজি, পটকা ফুটিয়ে অনেকে উদযাপন করেছেন ‘থার্টিফার্স্ট নাইট’। কিন্তু দেশে শোকের পরিবেশে নতুন বছরের আগমন উপলক্ষে এমন জমকালো আয়োজন মেনে নিতে পারছেন না দেশসেরা সাবেক ওপেনার তামিম ইকবাল খান।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর নামাজে জানাজা হয়েছে ৩১ ডিসেম্বর। গোটা দেশ যখন শোকে মুহ্যমান, তখন সাড়ম্বরে থার্টিফার্স্ট নাইট উদযাপন দেখে হতাশ তামিম। নিজের অফিসিয়াল পেজে তিনি লিখেছেন, ‘দেশে এখন রাষ্ট্রীয় শোক চলছে। গোটা দেশ শোকে কাতর। সরকার থেকেও নিষেধ করা হয়েছে এ বছর আতশবাজি, পটকা না ফোটাতে, ফানুস না ওড়াতে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারো পটকার শব্দে কেঁপে উঠছে চার পাশ। সবার প্রতি অনুরোধ, দয়া করে বিরত থাকুন, মানুষকে স্বস্তি দিন। রাষ্ট্রীয় শোকের প্রতি অনুগত থাকুন।’

তামিমের মতো এসবের কোনো মানে খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। তিনি লিখেছেন, ‘বড় জানতে ইচ্ছে করে শবেবরাত ও ৩১ ডিসেম্বর রাতে আতশবাজি ফুটিয়ে কী হাসিল হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ইচ্ছায় আমরা নতুন বছরে প্রবেশ করছি। প্রার্থনা করি তিনি আমাদের অতীতের ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিন এবং তাকওয়া, ধৈর্য ও মানবতার প্রতি আন্তরিক সেবায় পরিপূর্ণ ভবিষ্যতের দিকে আমাদের পরিচালিত করুন। আল্লাহ আমাদের সুস্বাস্থ্য, সুস্থ উদ্দেশ্য, উপকারী জ্ঞান এবং আমাদের কাজ ও জীবনে বরকত দান করুন। সুখী ও সমৃদ্ধশালী ২০২৬ দান করুন। আমিন।’