২৫ দিন পর প্রবাসী শাফিউলের লাশ দেশে, গাংনীতে শোকের ছায়া
Printed Edition
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
সৌদি আরবে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামের বাসিন্দা শাফিউল ইসলামের (৩৫) লাশ ২৫ দিন পর দেশে পৌঁছেছে। গতকাল শনিবার সকালে জানাজা নামাজে শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় এক বছর আগে সৌদি আরবে যান শাফিউল ইসলাম। রাজধানী রিয়াদের একটি বহুতল ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মার্চ তার মৃত্যু হয়।
লাশ দেশে আনতে প্রশাসনিক প্রক্রিয়া ও দূতাবাসের অনুমতি জটিলতায় বিলম্ব হয়। অবশেষে শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ পৌঁছায় এবং গতকাল শনিবার ভোরে তা গ্রামের বাড়িতে নেয়া হয়।
শেষবারের মতো তাকে দেখতে শত শত মানুষ ভিড় করেন। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
শাফিউল ইসলাম পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। পরিবারে স্ত্রী, দুই কন্যা সন্তান ও বৃদ্ধ বাবা-মা রয়েছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি অনিশ্চয়তায় পড়েছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নিহতের পরিবার আবেদন করলে সরকারি সহায়তা দেয়া হবে।