প্রথমবার এক সাথে শ্যামল মাওলা-সাবিলা নূর
Printed Edition
টিভি নাটকে, সিনেমায় এবং ওটিটি প্ল্যাটফরমের একজন অনবদ্য অভিনেতা শ্যামল মাওলা। একসময় টিভি নাটকেই তার ব্যস্ততা ছিল বেশি। সিনেমাতেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এখন ওটিটি প্ল্যাটফরমেই কাজ বেশি করেন তিনি। দর্শকের কাছে প্রিয় একজন অভিনেতা হয়ে উঠেছেন তিনি। স্ক্রিনে শ্যামল মাওলার উপস্থিতি, তার চোখের এক্সপ্রেশন, তার সংলাপ প্রক্ষেপণ সমসাময়িক অনেক অভিনেতার চেয়ে আলাদা। যে কারণে তার চরিত্রগুলোও হয়ে ওঠে ভিন্নরকম। আবার টিভি নাটকেই জনপ্রিয় হয়ে উঠেছেন সাবিলা নূর। হয়ে উঠেছেন এই প্রজন্মের একজন শীর্ষ অভিনেত্রী। তিনিও ওটিটি প্ল্যাটফরমে কাজ করেও আলোচনায় এসেছেন। গেল বছরের শেষপ্রান্তে শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কৃতও হয়েছেন। শ্যামল মাওলা ও সাবিলা নূর এবারই প্রথম এক সাথে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘মাকড়শা’। এটি আগামী ঈদে দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে। নাটকটি রচনা করেছেন রেবেকা সুলতানা কেয়া। নির্মাণ করেছেন রাগীব রায়হান পিয়াল। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা পিয়াল শ্যামল মাওলা ও সাবিলা নূরের অভিনয়ে ভীষণ খুশি। তাদের নিয়ে কাজ করেও তিনি ভীষণ উচ্ছ্বসিত। সাবিলা নূর বলেন, ‘সাসপেন্স আর থ্রিলারেই গল্প এগিয়ে যাবে। শেষটা দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকবেন নিশ্চিত। মাকড়শার গল্প এবং আমার চরিত্রটি খুব ভালো লেগেছে। মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ পরিচালক পিয়াল বলেন, ‘নাটকে প্রথমবার তারা দু’জন এক সাথে অভিনয় করেছেন। দু’জনই এক কথায় দারুণ অভিনয় করেছেন। আমি খুবই আশাবাদী মাকড়শা নাটকটি নিয়ে। কারণ আমার বিশ^াস গল্পটা যেমন একেবারেই অন্যরকম, সেই সাথে তারা দু’জন যেমন দুর্দান্ত অভিনয় করেছেন তাতে দর্শকও ভীষণ মুগ্ধ হবেন।’ এরই মধ্যে অনলাইনে প্রচারে এসেছে শ্যামল মাওলার নতুন ওভিসি ‘গোল্ডেন প্লাস টিভি’।