জুলাইযোদ্ধা তাহসিনের বাবার দাফন সম্পন্ন
Printed Edition
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় গিয়ে নিহত পটুয়াখালীর বাউফলের নিরব হোসেনের (৫৬) দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলার বড়ডালিমা গ্রামের আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার জোহর বাদ নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আহত জুলাইযোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা নিহত নিরব হোসেনের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পটুয়াখালী-২ (বাউফল) আসনের মনোনীত প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
জানাজায় আগত মুসল্লি, নিরব হোসেনের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সাথে হুইল চেয়ারে তার ছেলে আহত জুলাইযোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ান অংশ নেন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। জানাজায় অংশ নিয়ে জামায়াত নেতা ড. মাসুদ নিরব হোসেনের মৃত্যুতে সহায় সম্বলহীন নিঃস্ব পরিবারটির পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।
জানাজায় বিএনপির কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আকন্দ কুদ্দুসুর রহমান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপির প্রার্থী সাবেক এমপি শহিদুল আলম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।