প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
২০১৩ সালের গেজেট অনুযায়ী বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষকরা দীর্ঘ দিনের বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটিয়ে দ্রুত সরকারি করণের দাবি জানান।
সমিতির সভাপতি মো: মামুনুর রশিদ খোকনের সভাপতিত্বে বক্তারা বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারির ঘোষণা অনুযায়ী ২০১২ সালের ২৭ মে’র পূর্বে প্রতিষ্ঠিত এবং পাঠদানের অনুমতি চাওয়া বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় আসার কথা ছিল। সারা দেশে ৩১ হাজারের বেশি বিদ্যালয় থাকলেও জেলা ও উপজেলা পর্যায় থেকে ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়ের তালিকা পাঠানো হয়। ফলে প্রায় চার হাজার ১৫৯টি বিদ্যালয় রহস্যজনকভাবে তালিকা থেকে বাদ পড়ে যায়।