সিরাজদিখানে পুলিশের অভিযানে বাধা, সমন্বয়ক পরিচয়দানকারীসহ গ্রেফতার ৩
Printed Edition
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে আরো পাঁচজনকে আটক করে মোট আটজনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে উপজেলার পূর্ব রাজদিয়া এলাকায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালায় সিরাজদিখান থানা পুলিশ। এ সময় ইয়ামিন শেখ (২৭) নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশের কাজে বাধা দেন এবং জনসমাগম ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন। এ ঘটনায় ইয়ামিন শেখ, হোসেন শেখ (২৭) ও সোহেল বেপারীকে (২১) আটক করা হয়।
সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আসামি ধরতে গেলে কিছু ব্যক্তি পুলিশের ওপর চড়াও হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। তাৎণিক ব্যবস্থা নিয়ে তিনজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে পৃথক অভিযানে পূর্ব রাজদিয়া এলাকা থেকে সোহেল বেপারীকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়া নিমতলা এলাকার তালুকদার ফিলিং স্টেশনে সংঘটিত চুরির ঘটনায় জাহিদ হাসান (৩৮) ও তুষারকে (২৮) আটক করা হয়েছে। বিভিন্ন ওয়ারেন্টভুক্ত মামলায় আরো তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সব আসামিকে সোমবার সিরাজদিখান থানা থেকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।