কৌশলগত সংলাপে অংশ নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
Printed Edition
ডন
পাকিস্তান-চীন পররাষ্ট্রমন্ত্রীদের সপ্তম দফা কৌশলগত সংলাপের সহসভাপতিত্ব করতে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেইজিং সফর করবেন। বুধবার দেশটির পররাষ্ট্র দফতর (এফও) জানিয়েছে। আগামী ৪ জানুয়ারি চীন সফরে যাচ্ছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির আমন্ত্রণে দার বেইজিং সফর করছেন।
সংলাপটিকে পাকিস্তান ও চীনের মধ্যে ‘সর্বোচ্চ পরামর্শমূলক কাঠামো’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি দ্বিপক্ষীয় সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো পর্যালোচনার একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশ যখন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, এর মধ্যেই এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘এই সফর দুই দেশের নিয়মিত উচ্চস্তরের আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি দুই দেশের অখণ্ড কৌশলগত অংশীদারিকে সম্প্রসারিত ও গভীর করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে, পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের প্রতি পারস্পরিক অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের সঠিক তারিখ প্রকাশ করেনি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দার ২০২৬ সালের ৩ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বেইজিং সফর করবেন।