রাজপথে মৃত্যুর হানা
পুঠিয়ায় ট্রাকচাপায় ৪ জন নিহত
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
রাজশাহীর পুঠিয়ায় ঘন কুয়াশার কারণে ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া খুলনা ও নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে আরো দু’জনের।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়ায় কলারহাটে বালুবাহী ট্রাকের চাপায় পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো কয়েকজন আহত হয়েছেন। নিহতরা হলেন নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু ও রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন। আর আহত ব্যক্তি পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলী।
পুলিশ জানায়, ঝলমলিয়া এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে কলারহাট বসে। ঘন কুয়াশার কারণে সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক সেখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। পুলিশ আরো জানায়, নিহতদের মধ্যে একজনের লাশ বাড়ি নিয়ে যাওয়া হয়। আর পুলিশ গিয়ে ঘটনাস্থলে তিনজনের লাশ পায়। নিহতরা কলা ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনার পর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
খুলনা ব্যুরো জানায়, খুলনায় মোটর সাইকেলের ধাক্কায় মন্টু শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত এবং অপর একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর দৌলতপুর থানাধীন মিনাী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত চালক জিমকে (২৩) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মন্টু শেখ আড়ংঘাটা থানাধীন দণিপাড়ার বাসিন্দা।
দৌলতপুর থানার এসআই জাকিরুল ফিরোজ জানান, সকাল ১০টার দিকে মন্টু শেখ দৌলতপুর থানাধীন মিনাী হলের পাশে ওয়ালটন প্লাজার কাছে তার ইজিবাইক রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত থেকে একটি মোটরসাইকেল দ্রুতবেগে তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার ওপর পড়ে গিয়ে রোড ডিভাইডারে মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মোটরসাইকেলচালক জিমকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ডোমার (নীলফামারী) সংবাদদাতা জানান, ডোমারের কাজিরহাট নামক স্থানে মিথিলা গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। জানা গেছে বুধবার চিলাহাটি থেকে মোটরসাইকেল নিয়ে মো: সাজ্জাদ চৌধুরী (৫৫) ডোমার সদরে যাওয়ার সময় কাজিরহাট নামক স্থানে মিথিলা গাড়ির সাথে সংঘর্ষে গুরুদ্বার আহত হন। সাথে সাথে ফায়ার ব্রিগেড এসে তাকে প্রথমে বোড়াগাড়ি হাসপাতালে পরে রংপুর মেডিক্যাল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ডোমার উপজেলার চিলাহাটির চৌধুরীপাড়ার মরহুম মফিজুল হক চৌধুরীর পুত্র। বৃহস্পতিবার বাদ জোহর চিলাহাটি মার্চেন্ট উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।