নীল দলের খোলস পাল্টে যবিপ্রবির শিক্ষকরা সাদা দলমুখী
Printed Edition
যবিপ্রবি প্রতিনিধি
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়লাভ করে সরকার গঠনের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকরা তাদের আগের রাজনৈতিক অবস্থান বদলে ফেলে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন (নীল দল, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা শিক্ষক পরিষদ) থেকে বিএনপিপন্থী (বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী) শিক্ষকদের সংগঠন সাদা দলে যোগ দেয়া শুরু করেছেন। তবে এই দল পরিবর্তন কোনো আদর্শিক নয়, বরং সুবিধাবাদী রাজনীতির অবস্থান বলে অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, ২০২৪ এর ৫ আগস্টের পর যারা এতদিন আত্মগোপনে ছিলেন বা পরিচয় লুকিয়েছিলেন, তারা এখন প্রকাশ্যেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে নীল দলের বর্তমান ও সাবেক প্রভাবশালী নেতারা এখন বর্তমান সরকারের এমপি-মন্ত্রীদের আশীর্বাদ পেতে মরিয়া।