ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের

Printed Edition
Int-2
ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের

আল জাজিরা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রার রেকর্ড পতনের প্রতিবাদে ইরানজুড়ে চলমান বিক্ষোভ চতুর্থ দিনে আরো সহিংস হয়ে উঠেছে। পশ্চিমাঞ্চলীয় লোরিস্তান প্রদেশে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর একজন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনগণকে ‘শত্রু’র ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বর্তমান সঙ্কটকে ‘পুরোদস্তুর যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে বলেন, বিদেশী শক্তি অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে।

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, দেশের অভ্যন্তরে সংহতি বজায় থাকলে কোনো শক্তিই ইরানকে পরাজিত করতে পারবে না। তার এই বক্তব্যে জাতীয় ঐক্যের গুরুত্ব আবারো সামনে উঠে এসেছে। গত রোববার তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীদের ধর্মঘটের মধ্য দিয়ে এই আন্দোলনের সূত্রপাত হয়। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের নজিরবিহীন অবমূল্যায়ন সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। গত এক বছরে রিয়ালের মান প্রায় অর্ধেক কমেছে। বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতির হার ৫০ শতাংশের কোঠায়। লোরিস্তানের পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশেও ব্যাপক উত্তেজনার খবর পাওয়া গেছে। সেখানে একটি সরকারি ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয় কর্মকর্তাদের দাবি, সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষোভকে পুঁজি করে বিদেশী মদদপুষ্ট অশুভ চক্র দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে লোরিস্তানে নিহত ২১ বছর বয়সী বাসিজ ফোর্সের সদস্য আমির হোসাম খোদায়ারি ফার্দের মৃত্যুকে তারা ‘দাঙ্গাবাজদের সহিংসতা’ হিসেবে অভিহিত করেছেন।