এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী কমেছে ৭১ হাজার ৬২৬ জন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আজ মঙ্গলবার থেকে একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার সব ক’টি শিক্ষা বোর্ড মিলে মোট পরীক্ষার্থী সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী। সে হিসেবে এ বছর পরীক্ষার্থী কমেছে ৭১ হাজার ৬২৬ জন। গতকাল শিক্ষামন্ত্রী জানিয়েছেন এখন প্রতি বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

সূত্র জানায় চলতি বছরে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি শিক্ষার্থী বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ও ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। শিক্ষার্থীদের পরিসংখ্যান বলছে- এবারের এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র এক লাখ ৬৯ হাজার ৯৩৯ জন, ছাত্রী এক লাখ ৯৬ হাজার ৭১১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ৫১০টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান তিন হাজার ৪৪১টি।

বোর্ড ভিত্তিক সবচেয়ে কম শিক্ষার্থী বরিশাল শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন, ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২১৬টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ১ হাজার ৫১৫টি। এ ছাড়াও রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৯৩ হাজার ১৭৪ জন, ছাত্রী ৮৪ হাজার ৫৩৫ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৭৪টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দুই হাজার ২৭৯টি। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এক লাখ ৪৬ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৫৮ হাজার ৮৭৭ জন, ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৭৭টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এক হাজার ৮২২টি।

যশোর শিক্ষা বোর্ডে এবার এক লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ জন, ছাত্রী ৬৮ হাজার ১৬১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৯৯টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দুই হাজার ৫৭২টি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এক লাখ ৩০ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন, ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২১৮টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এক হাজার ২১৮টি। সিলেট শিক্ষা বোর্ডে এবার ৮৯ হাজার ৪২১ পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন, ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২২৫টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৯৭৩টি।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এক লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন, ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৮৩টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ২ হাজার ৮১০টি। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এক লাখ ৮ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৫৫ হাজার ৯২৬ জন, ছাত্রী ৫২ হাজার ৪৩৩ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ১৮৮টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এক হাজার ৩৩৮টি। সব মিলিয়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ছয় লাখ ৬৭ হাজার ৩০৫ জন, ছাত্রী সাত লাখ ৫১ হাজার ৩৯৮ জন। এ বোর্ডে মোট কেন্দ্র দুই হাজার ৪৯০টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ১৮ হাজার ৪৭৯টি।

মাদরাসা শিক্ষা বোর্ডে তিন লাখ ৪ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্র এক লাখ ৬১ হাজার ৪৯১ জন, ছাত্রী এক লাখ ৪২ হাজার ৭৯৫ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ৭৪২টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৯ হাজার ১২৫টি। কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্র এক লাখ এক হাজার ৫০৯ জন, ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ৬৫৩টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৩ হাজার ৬২টি। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট কেন্দ্র তিন হাজার ৮৮৫টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৩০ হাজার ৬৬৬টি।

৬০ দিনের আগেই ফল প্রকাশের চিন্তা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষ চলবে ২০ মে পর্যন্ত। তবে এবার ৬০ দিনের আগেই এ পরীক্ষার ফল প্রকাশের চিন্তা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর অপরাধ ঠেকাতে কঠোর নজরদারি রাখা হবে এবং কোনোভাবে পরীক্ষার ক্ষতি সাধন করার চেষ্টা হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

হোয়াটসঅ্যাপ খুলেছেন শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁস নিয়ে মন্ত্রী জানান, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। সেখানে ডিসি ইউএনওসহ সবাই থাকছেন। আমাদের উপদেষ্টা বলেছেন, প্রশ্নপত্র আগের সরকার করেছে, ডিস্ট্রিবিউশন বিগত সরকার করছে, এই ডেটও বিগত সরকার করেছে। আমরা শুধু পরীক্ষা কনডাক্ট করছি। এখন আমরা প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা আছে কিনা, সচল না অচল এগুলো সব পাসওয়ার্ড নিয়েছি।

প্রতি কেন্দ্রে থাকবে নিরাপদ পানি

এবার গরম এবং শিক্ষার্থীদের কষ্ট লাগবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে গরমের মৌসুম বিবেচনায় পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা রাখা আবশ্যক। এমন পরিস্থিতিতে সব কেন্দ্র সচিবকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা

শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রত্যেক পরীক্ষার কোর্স শেষ হবে ডিসেম্বরের মধ্যে, পরীক্ষা হতে হবে ডিসেম্বরের মধ্যে তিনি বলেন, এসএসসিতে থাকছে না কোনো মানবিক নম্বর। শিক্ষার্থীরা যা লেখবেন তাই পাবেন। পরীক্ষার খাতা দেখা নিয়ে মন্ত্রী বলেন, বোর্ড কখনো ভেবে দেখেনি এক্সামিনাররা খাতা দেখতে কত সময় লাগে। ঠিক মতো খাতা দেখা হচ্ছে কিনা। এ বছর এসএসসি পরীক্ষার খাতা দেখতে এক্সামিনার বাড়ানো হচ্ছে। এক্সামিনারদের যথেষ্ট সময় দেয়া হবে।