চিকিৎসক সঙ্কটে ধামরাইয়ের উপ-স্বাস্থ্য কেন্দ্র, সেবা পাচ্ছেন না রোগীরা

Printed Edition

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। কর্তৃপক্ষের উদাসিনতা ও সঠিক তদারকির অভাবে ওই উপ-স্বাস্থ্য কেন্দ্রে এসে চিকিৎসা ও ওষুধ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন রোগীরা।

সরকারি সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে স্থাপিত সূয়াপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন মেডিক্যাল অফিসার, একজন উপসহকারী মেডিক্যাল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা (ভিজিটর), একজন আয়া এবং একজন অফিস সহায়ক থাকার কথা। কিন্তু বাস্তবে দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসাসেবার মতো কোনো কার্যক্রম নেই বললেই চলে।

স্থানীয়দের অভিযোগ, মেডিক্যাল অফিসার কোথায় কর্মরত রয়েছেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারেন না। ফার্মাসিস্ট ইতোমধ্যে অবসরে গেছেন। সর্বশেষ উপসহকারী মেডিক্যাল অফিসারও এক সপ্তাহ আগে বদলি হয়ে অন্যত্র চলে যান। বর্তমানে ওই কেন্দ্রে শুধু একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা ও একজন অফিস সহায়ক রয়েছেন, যাদের পক্ষে চিকিৎসাসেবা দেয়া সম্ভব নয়।

সরেজমিন দেখা গেছে, চিকিৎসা নিতে আসা রোগীরা চিকিৎসক না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন। একই ইউনিয়নের কুটির চর গ্রামের ৬০ বছর বয়সী আব্দুল আলী স্ত্রীকে নিয়ে সেবা নিতে এসে কাউকে না পেয়ে ফিরে যান। তার মতো প্রতিদিনই অনেকে কেন্দ্রটিতে এসে সেবা ও ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন।

এলাকাবাসী বলছেন, সরকার বিপুল অর্থ ব্যয় করে ভবন নির্মাণ করলেও কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়নি। আগেও এখানে নিয়মিত সেবা পাওয়া যেত না, আর এখন তো চিকিৎসকই নেই। তাদের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ও দুর্বল তদারকির কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ ও কার্যকর তদারকির মাধ্যমে চিকিৎসক ও প্রয়োজনীয় কর্মী পদায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।