বগুড়া চেম্বার অব কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন ৫ জুলাই
Printed Edition
বগুড়া অফিস
প্রায় ২০ বছর পর একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় নিয়ে বগুড়ার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এর ২০২৬-২০২৮ মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা বোর্ড। তফশিল মোতাবেক আগামী ৫ জুলাই ভোট গ্রহণ করা হবে। এতে প্রায় এক হাজার সদস্য ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনার পতনের পর আওয়ামী ব্যবসায়ীরা পালিয়ে গেলে একটি প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ সংগঠনটি দখলে নেয়ার চেষ্টা করে। এ নিয়ে ব্যবসায়ীদের দু’টি গ্রুপ মুখোমুখি হয়। শেষ পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে বগুড়া জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসককে প্রশাসকের দায়িত্ব দেন। তারা জাতীয় নির্বাচনের আগে বিসিসিআই নির্বাচনের প্রস্তুতি নিলে প্রভাশালী একটি রাজনৈতিক দলের ইশারায় তা স্থগিত করা হয়। অবশেষে দ্বিবার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণার পর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি ও জামায়াত সমর্থিত ব্যবসায়ীরা দু’টি প্যানেলে পরিচালক পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তফশিল মোতাবেক ৭ মে চাঁদা পরিশোধ, ১০ মে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, ২১ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১ জুন মনোনয়নপত্র দাখিল, ১৭ জুন চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ , ৫ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।