সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই অধ্যাদেশ বাতিল সরকারের সিদ্ধান্ত নয় : ডা: জাহেদ উর রহমান

Printed Edition

বাসস

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান বলেছেন, যেসব অধ্যাদেশ এখনো আইনে পরিণত হয়নি, সেগুলো সরকার ইচ্ছাকৃতভাবে বাতিল করেনি; বরং সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই সেগুলো কার্যকারিতা হারিয়েছে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের অধীন পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনি বলেন, সঠিক সংবাদ প্রকাশ নিশ্চিত করতে গণমাধ্যমকে নির্দেশনা দেয়া হয়েছে। অপতথ্য রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে সঠিক সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিং চালু থাকবে।

ডা: জাহেদ উর রহমান বলেন, সংবিধান অনুযায়ী কোনো অধ্যাদেশ জারির পর নির্দিষ্ট সময়সীমার (৩০ দিন) মধ্যে সংসদে উত্থাপন করা না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

তিনি আরো বলেন, ‘যেগুলো উত্থাপিত হয়নি, সেগুলো সাংবিধানিক কারণে বাতিল হয়েছে-এটি সরকারের সিদ্ধান্তে বাতিল করা নয়।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি ইতোমধ্যে বিল আকারে সংসদে উত্থাপিত হয়ে আইনে পরিণত হচ্ছে। ১৩টি সংশোধনী আকারে গৃহীত হয়েছে, ৭টি রহিত করা হয়েছে এবং বাকি ১৬টি অধ্যাদেশ পরবর্তীতে বিল হিসেবে সংসদে আনা হবে।