জাতীয় ঐক্যের মাধ্যমেই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব : ডা: শফিক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, একটি রাষ্ট্রকে সত্যিকার অর্থে কল্যাণকর ও কার্যকর হিসেবে গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। জাতির ভেতর অনৈক্য থাকলে সেই জাতি কখনো বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় ঐক্য তৈরির মাধ্যমেই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব- এমন মন্তব্য করে জামায়াত আমির আরো বলেন, বিভক্ত জাতি দিয়ে কখনোই একটি রাষ্ট্র সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। আমাদের মধ্যে চিন্তার ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেই ভিন্নতা যেন কোনোভাবেই তিক্ত মতবিরোধে রূপ না নেয়; সে দিকে আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। জাতির বিভক্তি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। আসুন, আমরা হিংসা ও বিভেদ পেছনে ফেলে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে গত বৃহস্পতিবার বিএনপির গুলশান কার্যালয়ে যান জামায়াত আমির। সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন। তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কুশলাদি জিজ্ঞাস করেন, কোলাকুলি করেন ও তাকে সান্ত্বনা দেন। এ সময় দেশের রাজনৈকি পরিস্থিতি নিয়েও বিএনপি ও জামায়াত নেতারা আলোচনা করেন। বিষয়টি গণমাধ্যমকেও জানান জামায়াত আমির। বৃহস্পতিবার রাতেই ফেসবুকে এক পোস্টে ডা: শফিকুর রহমান বলেন, আজ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হই। মূলত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক আপসহীন নাম, মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতেই এ সাক্ষাৎ। মরহুমা বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের অধিকার রক্ষায় যে ত্যাগ স্বীকার করেছেন, তা এ দেশের ইতিহাসে এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করার দোয়া করছি। শোকের এ মুহূর্তে দেশের গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। মরহুমা বেগম খালেদা জিয়া ঐক্যের যে পাটাতন তৈরি করে দিয়ে গেছেন, আমরা যেন বাংলাদেশের স্বার্থে সেই ঐক্য সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সহায় হোন।