খালেদা জিয়ার কবরে দোয়া শ্রদ্ধা জানাতে মানুষের ভিড়
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে দোয়া করতে আসছেন দলের অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ। তারা সেখানে প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার পর জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেয়া হয়। এর আগে বেলা ১১টা থেকে কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় জমে। তবে নিরাপত্তার কারণে তাদের সে সময় ঢুকতে দেয়া হয়নি। পরে দুপুর ১২টার দিকে প্রবেশমুখ খুলে দেয়া হয়। এরপর বিএনপির নেতা-কর্মী ছাড়াও বহু সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান। তাদের অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দোয়া ও মুনাজাত করেন। গতকাল জিয়া উদ্যানে আসা মানুষদের মধ্যে অনেকে ঢাকার বাইরে থেকেও আসেন। বিএনপির রাজনীতি করেন না, তবু আবেগের বশে খালেদা জিয়ার কবরের মাটি ছুঁয়ে দেখতে এসেছিলেন বরগুনার ছগির মিয়া।
বেলা ১১টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, জিয়া উদ্যানের ভেতরে সেসময় কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। সামনের সড়কেও চলাচল বন্ধ রাখা হয়। সেখানে কর্মরত পুলিশ সদস্য নজরুল বলেন, কড়া নির্দেশনা থাকায় এখনি কাউকে উদ্যানে ঢুকতে দেয়া হচ্ছে না। বেলা ১১টার পর থেকে জিয়া উদ্যানের সামনের সড়কে যানবাহন চলাচল করতে দেয়া হয়। দুপুর ১২টার পর প্রবেশমুখ খুলে দিলে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান। যারা এসেছেন, তাদের মধ্যে নারী ছিলেন বেশি। উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বুধবার তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় দলমত-নির্বিশেষে অগণিত মানুষ যোগ দেন। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।