রোমাঞ্চকর জয় টাইগ্রেসদের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

রাজশাহীতে আন্তর্জাতিক ডেব্যু ম্যাচে রোমাঞ্চকর ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সহজ জয়কে কঠিন করে তুললেও শেষ পর্যন্ত জয় পেয়েছে টাইগ্রেসরা। রাজশাহীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ নাটকীয়তার ৩ উইকেটে লঙ্কান নারী দলকে হারিয়ে শুভসূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটি একাধিকবার মোড় পরিবর্তন করলেও শেষ পর্যন্ত ঠাণ্ডা মাথার পারফরম্যান্সে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ নারী দল। ২২ ও ২৫ এপ্রিল সিরিজের বাকি দুই ম্যাচ রাজশাহীতেই। তারপর তিন ম্যাচের টি-২০ সিরিজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে তারা ৯ উইকেটে ২০৫ রান করে। দলের হয়ে হানসিমা করুনারতেœ ৫৪ এবং ইমেশা দুলানি ৫২ রানের দু’টি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এ ছাড়া কাভিশা দিলহারি ৩০, অধিনায়ক হাসিনি পেরেরা ২৭ এবং কাউসিনি নাথইয়াঙ্গানা ১৮ রান যোগ করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রিতুমনি ৩টি এবং নাহিদা আক্তার ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৩৪ রানের মধ্যেই হারায় ৩ উইকেট। ওপেনার শারমিন সুলতানা, জুয়াইরিয়া ফেরদৌস এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দ্রুত আউট হলে চাপে পড়ে দল। এই পরিস্থিতিতে হাল ধরেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। তাদের ৮৭ রানের জুটি ম্যাচে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর ভিত্তি এনে দেয়। মোস্তারি ৪১ রান করে ইনজুরির কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও শারমিন আক্তার দায়িত্ব নিয়ে ইনিংস এগিয়ে নেন। পরে স্বর্ণা আক্তারের সাথে ৬৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান। শারমিন ১২৭ বলে ১৩টি চারে ৮৬ রানের অসাধারণ ইনিংস খেলেন, যা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল।

তবে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে হঠাৎই নাটকীয় ধস নামে বাংলাদেশের ইনিংসে। মাত্র ২ রানের ব্যবধানে শারমিন, স্বর্ণা, রাবেয়া ও রিতুমনি- এই চার ব্যাটার আউট হলে জয়ের সমীকরণ কঠিন হয়ে দাঁড়ায়। শেষ দিকে শ্রীলঙ্কার বোলাররা চাপে ফেলে বাংলাদেশকে। শেষ তিন ওভারে যখন জয়ের জন্য দরকার ছিল মাত্র ৫ রান, তখনও ম্যাচে অনিশ্চয়তা তৈরি হয়; কিন্তু নাহিদা আক্তার ও সুলতানা খাতুন ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৯ বল হাতে রেখে ৩ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২০৫/৯ (হানসিমা ৫৪, দুলানি ৫২, কাভিশা ৩০ পেরেরা ২৭; রিতু ৩/৩৬, নাহিদা ২/৩৮, মারুফা ১/২৪, সুলতানা ১/৪০, রাবেয়া ১/৩১)।

বাংলাদেশ : ৪৮.৩ ওভারে ২০৬/৭ (শারমিন ৮৬, সোবহানা ৪১, স্বর্ণা ৩৫, নিগার ১৩; ভিহাগা ৩/৪৩, মাদারা ২/৩৭, নিমাশা ১/৩১)।

ফল : বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : শারমিন আক্তার

সিরিজ : তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।