স্কুল ও কলেজছাত্রীসহ বিভিন্ন স্থানে নিহত ৫
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুল ও কলেজ ছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন।
রংপুর ব্যুরো জানায়, রংপুর মহানগরীতে বাসচাপায় জুয়েল হোসেন নামের একজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তিনি পেশায় একজন ঠিকাদার। রোববার সকালে নগরীর আইডিয়াল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। নগরীর আদর্শপাড়ায় বসবাস করতে তিনি। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি আজাদ রহমান জানান, টার্মিনাল থেকে ওই মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মেডিক্যাল মোড়ের দিকে যাচ্ছিলেন জুয়েল হোসেন। চলন্ত অবস্থায় আইডিয়াল মোড় এলাকায় মোটরসাইকেলটি রোড ডিভাইডারে ধাক্কা লেগে সড়কের বিপরীত পার্শ্বে পড়ে যায়। এ সময় একটি চলন্ত বাস মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় তামান্না খাতুন নামের (১৩) এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা- আশাশুনি সড়কের ভালুকা চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী তামান্না খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। সে ভালুকা চাঁদপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তামান্না সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর বাজারের কাছে রাস্তা পার হয়ে স্কুলে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে করে রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায় তামান্না খাতুন।
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের গৌরনদীতে মহাসড়ক পারাপারের সময় বেপরোয়াগতির বাসচাপায় ইউনুস সেরনিয়াবাত (৬০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ইউনুস আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার এসআই শরীফ উদ্দিন বলেন, বরিশালগামী ফেম পরিবহনের একটি বাস বৃদ্ধকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।
অপর দিকে গৌরনদী-পয়সারহাট সড়কের আগৈলঝাড়ার রথবাড়ি এলাকায় বালুর ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পোনা মাছ বিক্রেতা ভ্যানচালক শাজাহান সিকদার নিহত হয়েছেন। রোববার ভোরে এ দুর্ঘটনায় নিহত শাজাহান সিকদার গৌরনদী উপজেলার চাঁদশী এলাকার বাদামতলা গ্রামের বাসিন্দা। গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো: মিজানুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত পোনা মাছ বিক্রেতা ভ্যানচালক শাজাহান সিকদারকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে উপাসনা ঘোষ (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত হন।
রোববার শহরের আদমপুর এলাকায় ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনে বেড়িবাঁধ রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপাসনা ঘোষ ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার উত্তম ঘোষের মেয়ে। আহত আকাশ বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বিধান সরকারের ছেলে।
পুলিশ জানায়, টেপাখোলায় পেট্রলপাম্প থেকে তেল নিয়ে একটি ডিসকভার (১০০ সিসি, রেজি: রাজবাড়ি-হ-১১-৩৫৩০) মোটরসাইকেলে উপাসনাকে সাথে নিয়ে আকাশ বেড়িবাঁধ সড়ক হয়ে শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে মেরিন ইনস্টিটিউটের সামনে ইটভাটার মাটি বহনকারী একটি লরি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৭-০৫৬০) ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা লাগলে দুজনেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক আকাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।