জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শহীদ জিয়া খাল খনন শুরু করেছিলেন : রুহুল কুদ্দুস তালুকদার দুলু
Printed Edition
নাটোর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রায় ৫০ বছর আগেই দেশে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তারই উত্তরসূরি তারেক রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এই কর্মসূচিকে আবার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুরু করেছেন।
গতকাল শনিবার দুপুরে নাটোর সদরের হালসা ইউনিয়নের পান মোকাম এলাকায় হেলেঞ্চা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার আরো বলেন, ফারাক্কা ও তিস্তা বাঁধের প্রভাবে দেশে এখন খরা ও পানির হাহাকার চলছে। এই সঙ্কট থেকে উত্তরণে খাল খনন করে পানি সংরক্ষণ করা অপরিহার্য। এর ফলে কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং তাদের ভাগ্য বদলে যাবে। এক ফসলিজমিকে তিন ফসলিজমিতে রূপান্তর করা ছিল জিয়াউর রহমানের অবদান। সেই ধারা অব্যাহত রাখতে কৃষি ও কৃষক রক্ষায় এই খনন কাজ চলবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব ও নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন। সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।