চালক এলেন একে ৪৭ নিয়ে!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে-বিদেশে বেড়াতে যাওয়ার সময় কিছু মুহূর্ত সারা জীবনের জন্য মনে থেকে যায়। সেই অভিজ্ঞতা কখনো সুখকর হয়, আবার কখনো তা বিপজ্জনক হয়ে ওঠে। তেমনই এক আশ্চর্য অভিজ্ঞতার সম্মুখীন হলেন এক তরুণ। আফগানিস্তানে বেড়াতে গিয়ে অ্যাপ ক্যাব বুক করার পর তার যাত্রাটি অদ্ভুত দিকে মোড় নেয়। যে বাইকচালক উপস্থিত হয়েছিলেন তার হাতে ছিল একে ৪৭ বন্দুক। তরুণের ভ্রমণের দৃশ্যটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা গিয়েছে, আফগানিস্তানের রাস্তায় দাঁড়িয়ে বাইকের জন্য অপেক্ষা করছেন তরুণ। কিছুক্ষণ পরেই, যে অ্যাপবাইক চালক এসে পৌঁছোন তাকে দেখে হতচকিত হয়ে পড়েন বিদেশী তরুণ। বাইকটিতে একজন নয় বরং দু’জন লোক ছিলেন। দু’জনেই আফগানি পোশাক পরেছিলেন। চমকে দেয়ার বিষয়টি হলো তারা একে-৪৭-এর মতো মারাত্মক অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছেন। বাইকে থাকা দুই তরুণের একজন খানিকটা গম্ভীর স্বরেই ভিনদেশী তরুণকে জিজ্ঞাসা করেন, “আপনি কি যাওয়ার জন্য প্রস্তুত?” তরুণ মৃদু হেসে “হ্যাঁ” বলেন। বাইকে থাকা তরুণেরা যুবকের সাথে হাত মেলাতেই পরিবেশ কিছুটা হালকা হয়ে যায়।

‘দ্যম্যাটশো’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিওটি ইতোমধ্যেই লাখ লাখ বার দেখা হয়েছে। প্রচুর মজার মজার প্রতিক্রিয়া জমা পড়েছে মন্তব্য বিভাগে। এক নেটাগরিক লিখেছেন, বাইকে চড়ার সাথে জেড ক্যাটাগরির নিরাপত্তা বিনামূল্যে। অন্য এক নেটমাধ্যম ব্যবহারকারী যোগ করেছেন, আফগানিস্তানের মানুষ নিরাপত্তা নিয়ে অত্যন্ত সতর্ক।