এখনো সময় ফুরিয়ে যায়নি : শরীফুল

Printed Edition

মিরপুরে সিরিজ থাকলেই আলোচনায় থাকে উইকেট। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিনবান্ধব উইকেট বানিয়ে ট্রলের শিকার হয়েছিল বাংলাদেশ। আর এ বছরের মার্চে পাকিস্তান সিরিজের উইকেট ছিল ‘ট্রু উইকেট’। প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারের পর বাংলাদেশ অধিনায়ক মিরাজ জানিয়েছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জেতা উচিত ছিল। দ্বিতীয় সারির দলের কাছে হারার কারণে একটু বেশিই তোপের মুখে পড়েছে বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতার দিনে বল হাতে আলো ছড়িয়েছেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে এসে আশার কথাই শুনালেন এই পেসার।

প্রথম ওয়ানডে হেরে খাদের কিনারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে সিরিজ হাতছাড়া করবে মেহেদী হাসান মিরাজের দল। বাঁচা-মরার ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলে গেছেন শরীফুল। তার বিশ্বাস, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে পরের দুই ম্যাচ জিতে ট্রফি রেখে দিতে পারবে বাংলাদেশ। ‘মাত্র একটা ম্যাচ গেছে, এখনো দুইটা ম্যাচ আছে। জয়ের ফেরার ব্যাপারে আমাদের আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। সেরা ক্রিকেট খেলতে পারলে ইনশাআল্লাহ সিরিজে ফিরে সিরিজও জিততে পারব।’

বোলারদের কল্যাণে নিউজিল্যান্ড ২৪৭ রানে আটকে গেলেও ব্যাটারদের ব্যর্থতায় জেতা হয়নি বাংলাদেশের। এ জন্য আক্ষেপ হচ্ছে কি না, ‘না, আসলে আক্ষেপের কিছু নেই। হারলে আমাদেরও খারাপ লাগে, ব্যাটারদেরও খারাপ লাগে। যদি আরো একটু ভালো বোলিং করতাম হয়তো ব্যাটারদের জন্য কাজটা সহজ হতো। আশা করব যে পরের ম্যাচে ব্যাটাররা ভালো করে আমাদের সহযোগিতা করবে। আমরাও তাদের সহযোগিতা করব। দলগতভাবে ম্যাচ জিতব। ক্রিকেট খেলায় এমন দিন আসবেই। একটা বিভাগ ভালো করলে অন্য বিভাগ খারাপ করে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াব ইনশাআল্লাহ।’

প্রথম ওয়ানডেতে মোস্তাফিজুর রহমানের চোটের কারণে একাদশে জায়গা পান শরীফুল। এই নিয়ে বলেন, ‘টস হওয়ার আগে আমাকে জানানো হলো যে, আমি খেলব। ড্রেসিংরুমে রিশাদকে বলার পর ও বলল এটা রিজিক, মানে তোমার রিজিকে আছে। আমি ওভাবে প্রস্তুতি নিয়েছি। রানআপ, ওয়ার্মআপও করেছি। আলহামদুলিল্লাহ রিজিকে ছিল। তাই খেলেছি।’