এমআরটি-৫ কারিগরি প্রকল্প
সহ-অর্থায়নে বিলম্ব বাস্তবায়ন পেছাল
মেট্রোরেলের এই রুটটি ২০৩০ সালের মধ্যে সমাপ্ত করার কথা। এটি গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত পিাতাল ও উড়াল মিলে মোট ১৭.২০ কিলোমিটার দীর্ঘ।
Printed Edition
কেক্সিমের সহ-অর্থায়ন বিলম্বিত হওয়ায় টেকনিক্যাল অ্যাসিসটেন্স কর ঢাকা ম্যান অ্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট কারিগরি প্রকল্পটি আগামী জুনে সমাপ্ত হচ্ছে না। অর্থায়ন বিলম্বিত হওয়ায় সিস্টেম প্যাকেজগুলোর টেন্ডার ডকুমেন্টস প্রস্তুত বিলম্বিত ও টেন্ডারিং প্রসেসসংক্রান্ত কাজ চুক্তি মোতাবেক আরম্ভ করা যায়নি। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সাথে বিনিয়োগ প্রকল্পের অগ্রিম চুক্তির জন্য কারিগরি প্রকল্পটির কাজ সমাপ্তে আগামী ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিকল্পনা কমিশনকে চিঠি দেয়া হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জানা গেছে।
জানা গেছে, মেট্রোরেলের এই রুটটি ২০৩০ সালের মধ্যে সমাপ্ত করার কথা। এটি গাবতলী থেকে আফতাবনগর পশ্চিম পর্যন্ত ১৩.১০ কিলোমিটার পাতাল এবং আফতাবনগর সেন্টার থেকে দাশেরকান্দি পর্যন্ত ৪.১০ কিলোমিটার উড়াল মোট ১৭.২০ কিলোমিটার দীর্ঘ। এতে ১৫টি স্টেশন (পাতাল ১১টি এবং উড়াল ৪টি) বিশিষ্ট মেট্রোরেল নির্মাণের নিমিত্ত সম্ভাব্যতা যাচাই ও কারিগরি নকশা সম্পন্ন হয়েছে। সম্ভাব্যতা যাচাই ও কারিগরি নকশার ভিত্তিতে প্রণীত বিনিয়োগ প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন আছে। বর্তমানে প্রকল্পের ক্রয় প্রক্রিয়ার ডকুমেন্ট প্রস্তুতির কাজ চলমান আছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত এডিপিতে ‘টেকনিক্যাল অ্যাসিসটেন্স ফর ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) : সাউদার্ন রুট (পিআরএফ) (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পটি সমাপ্ত হওয়ার কথা ছিল। কিন্তু কো-ফাইনান্সিং বিলম্বিত হওয়ায় সিস্টেম প্যাকেজগুলোর টেন্ডার ডকুমেন্টস প্রস্তুত বিলম্বিত ও টেন্ডারিং প্রসেস সংক্রান্ত কাজ চুক্তি মোতাবেক আরম্ভ করা যায়নি। বর্তমানে অগ্রিম ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে নির্মাণ তত্ত্বাবধায়ক পরামর্শকদাতা (ঈঝঈ) নিয়োগ প্রক্রিয়া চলমান। বিনিয়োগ প্রকল্পের জন্য এডিবির সাথে ঋণচুক্তি স্বাক্ষরের আগে এডিবি ঋণের ৩০ শতাংশ পরিমাণ অর্থের ক্রয়চুক্তি চূড়ান্ত করতে হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ মন্ত্রণালয়ের সচিবকে চিঠিতে জানিয়েছেন, চলতি অর্থবছরে প্রকল্পটি সমাপ্ত হওয়ার কথা থাকলেও কো-অর্থায়নে দেরি হওয়ায় সিস্টেম প্যাকেজগুলোর টেন্ডার ডকুমেন্ট প্রস্তুত বিলম্বিত ও টেন্ডারিং প্রক্রিয়ার কাজ চুক্তি মোতাবেক শুরু করা যায়নি। এসব অসমাপ্ত কাজ বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নের জন্য অত্যন্ত জরুরি। বর্তমানে পরামর্শক নিয়োগের কাজ চলছে। যা চলতি ২০২৫ সালের নভেম্বর বা ডিসেম্বর মাসে শেষ হবে বলে আশা করছি।
আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব পরিকল্পনা কমিশনকে চিঠিতে বলছে, এই প্রকল্পের এ কাজের জন্য কারিগরি সহায়তা প্রকল্পের পরামর্শকের টেন্ডার প্রক্রিয়া সহায়তা ছাড়া এডিবি থেকে টেন্ডার আহ্বানের সম্মতি পাওয়া যাবে না। এ ছাড়াও পরামর্শক নিয়োগের পূর্ব পর্যন্ত প্রকল্পের ধারাবাহিকতা রক্ষার্থে চলমান কারিগরি সহায়তা প্রকল্পটি আগামী ২০২৫-২৬ অর্থবছরের ৩০ জুন ২০২৬ পর্যন্ত সময় বর্ধিতকরণ প্রয়োজন। এমতাবস্থায়, ‘টেকনিক্যালে অ্যাসিসটেন্স ফর ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫)। সাউদার্ন রুট’ শীর্ষক চলমান প্রকল্পটি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত এডিপিতে সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্প তালিকা হতে বাদ দিয়ে আগামী ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।