শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার
অভিবাসী নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় এসব রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল
Printed Edition
এএফপি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সদস্যদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এসব শহরে আপাতত সামরিক বাহিনীর উপস্থিতি তুলে নেয়া হলেও, অপরাধের হার বাড়লে ফেডারেল বাহিনী আবার মোতায়েন করা হবে।
উল্লেখ্য, অভিবাসী নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় এসব রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল। তবে এই পদক্ষেপকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন ব্যাপক আইনি চ্যালেঞ্জ ও আদালতের নিষেধাজ্ঞার মুখে পড়ে। প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন, অভ্যন্তরীণ নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট দিয়ে ট্রাম্প বলেন, শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছি। যদিও এই শহরগুলোতে দেশপ্রেমিক সৈন্যরা থাকার কারণে অপরাধ ব্যাপকভাবে কমে এসেছে। তবে অপরাধের মাত্রা ফের বৃদ্ধি পেলে ভবিষ্যতে আরো কঠোরভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার হুঁশিয়ারি দেন ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, অপরাধ দমন এবং বিক্ষোভকারীদের হাত থেকে ফেডারেল সম্পত্তি এবং কর্মীদের রক্ষা করার জন্য লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ওয়াশিংটন, ডিসি, মেমফিস এবং পোর্টল্যান্ডে সেনা মোতায়েন করা জরুরি ছিল।