ঝিনাইদহ-৪ আসন
স্বতন্ত্রের মোড়কে প্রার্থী হচ্ছেন ফ্যাসিস্টের দোসর আমিনুল
Printed Edition
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বঙ্গবন্ধু সেনা পরিষদের সভাপতি মীর আমিনুল ইসলাম। মনোনয়ন জমার শেষ দিন গত সোমবার কালীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা নাহিদের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মীর আমিনুল ইসলাম অবসরপ্রাপ্ত বিমানবাহিনী উইং কমান্ডার প্রকৌশলী ও জেলা বঙ্গবন্ধু সেনা পরিষদের সভাপতি। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর কিছু দিন আত্মগোপনে ছিলেন। তার মনোনয়নপত্র জমা দেয়ায় এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে ছদ্মবেশে স্বতন্ত্র প্রার্থীর মোড়কে ফেরার চেষ্টা করছে নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা।
মীর আমিনুল ইসলাম ফ্যাসিস্টের দোসর বিষয়টি অস্বীকার করে বলেন, ২০২৪ সালের শুরুর দিকে বঙ্গবন্ধু সেনা পরিষদ নামে সংগঠন শুরু করেছিলাম কিন্তু স্টাবলিস্ট হয়নি। তিনি আরো বলেন, আমি এখন দলীয় কোনো পদে নেই। এলাকার মানুষ আমাকে চাচ্ছে। আমি আধুনিক কালীগঞ্জ গড়ার স্বপ্ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি।
স্থানীয়রা জানান, তার এ পরিচয় ব্যবহার করে ২০২৪ সালে কোরবানির ঈদে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার প্রকাশ করেন তিনি। যে পোস্টটি প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
মীর আমিনুল ইসলাম নিজ দলের পরিচয় গোপন করে স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায়, স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন মীর আমিনুল- এমন দাবি স্থানীয়দের।
উল্লেখ্য, গত সোমবার ছিল মনোনয়ন জমা দেয়ার শেষদিন। ঝিনাইদহ-৪ আসনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চারজন স্বতন্ত্র প্রার্থী।