সংবাদ সম্মেলনে বিচার দাবি চাঁদা ও অংশীদারত্ব না দেয়ায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
চাঁদাবাজি ও ব্যবসা দখলে বাধা দেয়ায় রাজধানীর খিলগাঁওয়ে ব্যবসায়ী খোরশেদ আলম সোহেলকে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হত্যা চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ভুক্তভোগী ব্যবসায়ী খোরশেদ আলম সোহেলের স্ত্রী তারিন আক্তার।
তিনি দাবি করেন, গত ২৬ জুলাই বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় বাসার সামনে অবস্থানকালে তার স্বামী খোরশেদ আলম সোহেলের ওপর সঙ্ঘবদ্ধভাবে হামলা চালানো হয়। হামলাকারীদের অন্যতম হলেন, স্থানীয় শীর্ষ সন্ত্রাসী রতন, খোকন, মাসুম, কাউসার, হাবিব, রাফিসহ আরো দুই-তিনজন। তারা লোহার রড, পাইপ, ইট, লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে। একপর্যায়ে মাটিতে পড়ে থাকা অচেতন সোহেলের পাশে একটি অবৈধ পিস্তল ও ছুরি রেখে সোহেলকেই সন্ত্রাসী বলে আখ্যা দিতে থাকে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতাল ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তারিন আক্তার দাবি করেন, চক্রটি দীর্ঘদিন ধরে সোহেলের কাছে মোটা অঙ্কের চাঁদা ও তার ইট বালুর ব্যবসার অংশ দাবি করে আসছিল। কিন্তু তাদের অবৈধ দাবি না মানায় ‘মবের নাটক সাজিয়ে’ তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। যার পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। ফুটেজ ফরেনসিক পরীক্ষা করলে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি। ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।