অস্বাস্থ্যকর বায়ু নিয়ে নতুন বছর শুরু
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
অস্বাস্থ্যকর বায়ু নিয়ে নতুন বছর শুরু হয়েছে। গতকাল বছরের প্রথম দিনে সকালে ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর। বিশ্বের ১১৩টি নগরের মধ্যে সকাল সোয়া ৮টার দিকে দূষণে ঢাকার অবস্থান ছিল দশম। অন্য দিকে বায়ুদূষণে বিশ্বের নগরীগুলোর মধ্যে শীর্ষে ছিল মিসরের রাজধানী কায়রো। আর দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর।
দেশে বায়ুদূষণ মোকাবেলায় বিভিন্ন সময় প্রকল্প নেয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়। কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এটি শুধু যে ঢাকায়, তা নয়; সারা দেশে। কোনো কোনো দিন ঢাকাকে ছাপিয়ে যাচ্ছে দেশের অন্যান্য শহরের বায়ুদূষণ।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
বায়ুর মান ২০০-এর বেশি হলে তাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০০-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিন ঢাকার বায়ুর মান খুব অস্বাস্থ্যকর ছিল। শুকনা মৌসুমের শুরু থেকে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষের দিকে থাকছে। ঢাকার বায়ুমান খুব অস্বাস্থ্যকর দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই।
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, এখন ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শও দেয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।