চীন গেলেন মির্জা ফখরুল, অর্থ উপদেষ্টা যাবেন আজ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক ও কূটনৈতিক দ্বিমুখী উদ্দেশ্য নিয়ে চীন সফরে গেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ যাবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
জানা গেছে, গতকাল রোববার রাতে মির্জা ফখরুল বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীন যাবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফরে গেছে। প্রতিনিধিদলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিং গিয়ে তাদের সাথে যুক্ত হবেন। বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সাথে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধিদলটি।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক সংহতি এবং বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে।
সরকারের এক কর্মকর্তা বলেন, নতুন সরকারের সাথে যোগাযোগ বাড়াতে চায় চীন। বিএনপি সরকার গঠনের পর চীনে এটিই প্রথম রাজনৈতিক সফর। এ সফর রাজনৈতিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি ভূরাজনীতি বিবেচনায়ও তাৎপর্যপূর্ণ। বিএনপি মহাসচিব, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা চীন সফরে যাবেন। সামনে আরো কিছু সফর হতে পারে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই দিনের সফরে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বেইজিংয়ে অনুষ্ঠেয় ‘থার্ড হাই-লেভেল কনফারেন্স অব দ্য ফোরাম অন গ্লোবাল অ্যাকশন ফর শেয়ারড ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সফর নিয়ে সরকারের এক কর্মকর্তা বলেন, এই ফোরাম অনেকটা একাডেমিকেন্দ্রিক হলেও রাজনৈতিক গুরুত্বও রয়েছে। বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই) নিয়ে চীনের যে ধারণা আছে, সেটি তারা বিভিন্ন ফোরামের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। এই ফোরামে জিডিআই-এর বিষয়টি আসবে বলে ধারণা করা হচ্ছে।