কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে হাসপাতালে রেখে পালিয়ে গেল স্বামী

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

মেয়ে জন্ম দেয়ায় অসুস্থ স্ত্রী ও নবজাতককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ফেলে পালিয়ে গেছেন এক পাষণ্ড। এমন অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গতকাল তিনি চমেক হাসপাতালে নবজাতক কন্যা ও তার অসহায় মাকে দেখতে ছুটে যান। শুধু খোঁজখবরই নয়, জেলার অভিভাবক হিসেবে নবজাতকের দায়িত্বও নেন।

জানা যায়, গত ১৬ এপ্রিল প্রসববেদনা উঠলে শাহনাজ বেগম শেলী নিজেই চমেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা প্রথমে স্বাভাবিক প্রসবের চেষ্টা চালালেও জটিলতার কারণে অস্ত্রপচারের মাধ্যমে একটি মেয়ে সন্তানের জন্ম হয়।

তবে মেয়ে হওয়ায় জন্মের পরপরই স্বামী বেলাল আহমেদ নবজাতকসহ স্ত্রীকে হাসপাতালে রেখে পালিয়ে যান। এতে অসুস্থ মা ও নবজাতক-দুজনেই পড়েন চরম অনিশ্চয়তায়।

এরই মধ্যে ২০ এপ্রিল নবজাতকের শরীরে জন্ডিস ধরা পড়ে। দ্রুত তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি করে এবং ফোটোথেরাপি দেয়া হয়।

এ খবর পেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম নিজেই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করেন এবং শিশুটির যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে অনুরোধ করেন। এরপর গতকাল হাসপাতালে এসে মা ও শিশুর পাশে দাঁড়ান। এ সময় তিনি নগদ অর্থ সহায়তার পাশাপাশি নবজাতকের জন্য শিশুখাদ্য, পোশাক, ডায়াপার, বিছানাসহ প্রয়োজনীয় সামগ্রী এবং মায়ের জন্য পোশাক ও এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, বাচ্চাটি এখন সুস্থ আছে। খুব শিগগিরই তাকে মায়ের কাছে দেয়া হবে। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। কেউ যেন নিজের পরিবারকে এভাবে ফেলে না যায়- এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নবজাতকের মা শাহনাজ বেগম বলেন, স্বামী আগেই বলেছিল মেয়ে হলে রাখবে না। সন্তান জন্মের পর থেকেই সে আর কোনো খোঁজ নেয়নি।