ঈদ নাটক ও মিউজিক ভিডিওতে অলংকার চৌধুরী

বিনোদন প্রতিবেদক
Printed Edition
bino-4
ঈদ নাটক ও মিউজিক ভিডিওতে অলংকার চৌধুরী

সাম্প্রতিক সময়ে মিউজিক ভিডিওতে একের পর এক মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় এসেছেন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। সর্বশেষ কলি ও আকাশের গাওয়া ‘পাগলা পাগলী’ গানে দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ করেছেন দর্শককে। শুধু মিউজিক ভিডিওতেই নয়, তার সবশেষ দর্শকপ্রিয় নাটক তিনটি হচ্ছে ‘রুমকির সংসার’, ‘তোর প্রেমেতে ডুবলাম’ ও ‘পাখি’। সম্প্রতি তার অভিনীত এই তিনটি নাটকও রয়েছে বেশ আলোচনায়। আগামী ঈদে অলংকার চৌধুরীকে নতুন তিনটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে। আকাশ-রিমির ‘জামাই আদর’, ডলি সায়ন্তনীর ‘এই জমানার মেয়ে’ ও সাবরিনা সাবার গাওয়া ‘আগুন লাগাইয়া দিলো কনে’ এই তিনটি গানের মিউজিক ভিডিতে দেখা যাবে অলংকারকে। মিউজিক ভিডিওগুলো যথাক্রমে নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ, সৈকত রেজা ও নাজমুল ইভান। সব মিউজিক ভিডিওরই কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। এরই মধ্যে যে নাটকগুলো ঈদে প্রচারে আসা নিশ্চিত সেগুলো হচ্ছে জিয়া উদ্দিন আলমের ‘চোরের সার্টিফিকেট’ ও শুভ্র আহমেদের ‘নাক কম করো প্রিয়’। প্রথমটিতে তার বিপরীতে আছেন আফজাল সুজন এবং দ্বিতীয়টিতে তার বিপরীতে আছেন শিবলী নোমান। এছাড়াও আরো বেশকিছু নাটকের কাজ করবেন বলেও তিনি জানান। এদিকে আগামী ঈদের পর একটি সিনেমার কাজও করতে যাচ্ছেন। সিনেমার কাজটি শুরু হবার পর তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে আগ্রহী। এর আগে আপাতত সিনেমাটি নিয়ে বিশদ বলার ইচ্ছে নেই। আগামী ঈদে নিজের কাজগুলো প্রসঙ্গে অলংকার চৌধুরী বলেন, ‘নারীকেন্দ্রিক সুন্দর গল্পগুলো আসছে আমার কাছে। যদি চরিত্রটি ঠিকঠাক পাই অর্থাৎ আমার মনে ধরে তবেই কেবল কাজ করি। এটা সত্যি এই মুহূর্তে আমার কাছে আসার বহু নাটকের প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি। কারণ গল্প ও চরিত্র কোনোটিই আমার ভালোলাগেনি। দর্শকের আমার প্রতি প্রবল আগ্রহ রয়েছে, সেটা আমি বুঝি, অনুভবও করতে পারি। কিন্তু দর্শকের আমার যে ধরনের কাজের প্রতি ভালোলাগা রয়েছে কিংবা তারা যে ধরনের কাজে আমাকে দেখতে চান সেই ধরনের গল্প খুব কম আসছে। তবে আমি মনে করি সামনে আরো সুদিন আসছে আমার। নাটকপ্রিয় সব দর্শকের মন জয় করেই আমি আরো বহুদূর এগিয়ে যেতে চাই।’