প্রশ্নফাঁস ও গুজব রোধে সাইবার নজরদারি ও ট্র্যাকিং জোরদার হয়েছে : শিক্ষামন্ত্রী

Printed Edition

বাসস

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং গুজব রোধে সাইবার নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন, ‘কোনো চক্র ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অপতৎপরতা চালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

গতকাল এসএসসি পরীক্ষার প্রথম দিনে রাজধানীর মিরপুর ও মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকের পরীক্ষায় পরিবেশ নিয়ে আমি শতভাগ সন্তুষ্ট। জেলা প্রশাসন, পুলিশ, শিক্ষার মাঠ প্রশাসন ও সামাজিক কমিউনিটি- সবাই এবার শতভাগ সহযোগিতা করছে। এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে কেউ কাউকে বিরক্ত করছে না, সবাই চায় শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিক।’

মন্ত্রী বলেন, ‘প্রশ্নফাঁসকারী বা গুজব রটনাকারীরা যে ধরনের আধুনিক যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করে তা প্রতিহত করার মতো উন্নত কারিগরি সক্ষমতা ও টেকনিক্যাল হ্যান্ড আমাদের রয়েছে। সাইবার ক্রাইম স্পেশালিস্টদের সাথে আমরা নিয়মিত সমন্বয় করছি।’

তিনি আরো জানান, প্রশ্নপত্র পরিবহন ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সবার মোবাইল নম্বর সাইবার ক্রাইম অথোরিটির কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যদি কোথাও কোনো অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা ঘটে, তবে আমাদের সাইবার টিম মুহূর্তের মধ্যেই ডিজিটাল ট্রথ্যাকিংয়ের মাধ্যমে সেই লোকেশন শনাক্ত করতে সক্ষম। আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।’

এ বছরই প্রথমবারের মতো প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রশ্নপত্র পরিবহনে ‘ডিজিটাল ট্র্যাকিং’ পদ্ধতি ব্যবহারের কথা উল্লেখ করে ড. মিলন বলেন, ‘আমি সশরীরে কেন্দ্রগুলোতে গিয়ে সিসিটিভি মনিটরিং ব্যবস্থা পর্যবেক্ষণ করেছি। কেন্দ্র কর্তৃপক্ষকে ফুটেজগুলো ডিজিটাল ড্রাইভে সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে, যাতে কোনো অভিযোগ উঠলে তা প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়।’

সিংগাইরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে ঝটিকা সফর করলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

গতকাল তিনি উপজেলার দু’টি গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র জয়মন্টপ উচ্চবিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যাল আকস্মিক পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্ত্রীর এই হঠাৎ আগমন কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি যাচাইয়ের অংশ।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা, প্রশ্নপত্রের নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সনয় তিনি সংশ্লিষ্টদের সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য ধন্যবাদ জানান।

সাহরাইল উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে বাইরে এসে তিনি উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে পরীক্ষার সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশ দেন। এ সময় উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।