চকরিয়ায় ৪ প্রতিষ্ঠানের মাহফিলে বক্তারা
সম্পদ থাকা সত্ত্বেও মুসলিম উম্মাহ আজ পরাধীন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা সিকদারপাড়ায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক সভা, পুরস্কার বিতরণী ও ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয় জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসা, সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানা, হজরত খাদিজাতুল কোবরা (রা:) বালিকা এতিমখানা এবং বায়তুশ শরফ আল্লামা আবদুল হাই নদভী নূরানী মাদরাসার যৌথ ব্যবস্থাপনায়।
বাদ মাগরিব তৃতীয় অধিবেশনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ)। তিনি বলেন, নৈতিক অবক্ষয়, পারস্পরিক বিভেদ এবং দ্বীন থেকে দূরত্বের কারণে মুসলিম উম্মাহ আজ দিশেহারা ও নিপীড়িত। তিনি অভিযোগ করেন, বৈশ্বিক রাজনীতিতে জায়নবাদ ও মার্কিন আধিপত্যের কারণে বহু মুসলিম অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরো বলেন, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষা করা ইসলামের মৌলিক নির্দেশনা। কুরআন-সুন্নাহর অনুসরণ এবং বিভেদ থেকে দূরে থাকা বর্তমান সঙ্কট উত্তরণের প্রধান উপায়। বাদ এশা চতুর্থ অধিবেশনের প্রধান অতিথি সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেন, মুসলিম বিশ্ব বর্তমানে এক সঙ্কটময় সময় অতিক্রম করছে। তিনি বলেন, “একসময় মুসলিম উম্মাহ বিশ্বসভ্যতার নেতৃত্ব দিয়েছে। অথচ আজ একচতুর্থাংশ জনশক্তি এবং বিপুল প্রাকৃতিক সম্পদের অধিকারী হয়েও তারা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে এবং পরাধীন অবস্থায় রয়েছে।” তিনি সঙ্কট উত্তরণে ঈমান, তাওহিদ, ধৈর্য, আত্মশুদ্ধি এবং ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা আলহাজ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানটি চারটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী, মাওলানা ছলাহ উদ্দিন বেলাল এবং হাসানুল আবেদীন চৌধুরী (শুভ)।
বাদ জুমা দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এনামুল হক, অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন এবং হারুন অর রশীদ। এ অধিবেশনে বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন, অধ্যাপক মাওলানা নঈম কাদের, মাওলানা কাজী শিহাব উদ্দিন, ড. মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মুঈন এবং মাওলানা মোহাম্মদ এরশাদ উল্লাহ।ুহ তৃতীয় অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক মাস্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ ওমর ফারুক সজিব। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক আলহাজ মোহাম্মদ হারুন শেঠ এবং অর্থ সম্পাদক আলহাজ মোহাম্মদ নুরুল কবীর। চতুর্থ অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির লংগদু এলাকার বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা এস এম ফোরকান আহমদ এবং খাগড়াছড়ির পরিচালক মাওলানা মুহাম্মদ আবু ওসমান। বক্তব্য দেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী, মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, মাওলানা কফিল উদ্দিন ফারুক এবং মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।